Train Fare

শুক্রবার থেকে কার্যকর নতুন ট্রেন ভাড়া! নন-এসি ও এসি কোচে বাড়ল খরচ, পুরনো টিকিটে ছাড় রেলের

আজ শুক্রবার থেকে ট্রেনের ভাড়া বাড়ল। তবে আগে কাটা টিকিটে বাড়তি টাকা লাগবে না। ২৬ ডিসেম্বর বা তার পরে ইস্যু হওয়া টিকিটে সংশোধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছে রেল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০১:৩৬

আজ শুক্রবার থেকে ট্রেনের ভাড়া বাড়ছে। তবে যাত্রীদের স্বস্তির খবরও দিয়েছে ভারতীয় রেল। রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যাঁরা আগেই টিকিট কেটে রেখেছেন তাঁদের অতিরিক্ত ভাড়া দিতে হবে না। নতুন ভাড়া কার্যকর হওয়ার পর যাঁরা টিকিট কাটবেন, তাঁদের ক্ষেত্রেই বাড়তি টাকা প্রযোজ্য হবে।

দিন কয়েক আগেই দূরপাল্লার ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। সংশোধিত ভাড়ার নিয়ম অনুযায়ী, নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত ১০ টাকা দিতে হবে। পাশাপাশি নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়ানো হয়েছে। এসি ক্লাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ২ পয়সা বৃদ্ধি পেয়েছে। এই নতুন ভাড়া আজ শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে।

সাধারণত ভাড়া বৃদ্ধি হলে, যাত্রার দিন যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা হয়। কিন্তু এ বার সেই নিয়মে ব্যতিক্রম আনল রেল। আগে থেকেই যাঁরা রিজার্ভেশন করেছেন, তাঁদের কোনও অতিরিক্ত ভাড়া দিতে হবে না।

রেলওয়ে বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার জানিয়েছেন, নতুন ভাড়া শুধুমাত্র শুক্রবার বা তার পরে ইস্যু করা টিকিটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে রেল জানিয়েছে, ইতিমধ্যেই ইস্যু করা টিকিটগুলি সংশোধিত ভাড়ার আওতায় পড়বে না। ফলে ২৬ ডিসেম্বর বা তার পরে যাত্রার জন্য কাটা পুরনো টিকিটে কোনও ভাড়ার পার্থক্য রিজার্ভেশন চার্টে দেখানো হবে না। তবে ২৬ ডিসেম্বর বা তার পরে ইস্যু করা টিকিটের ক্ষেত্রে নতুন হারে ভাড়া নেওয়া হবে বলে স্পষ্ট করেছে রেল।


Share