Abhishek Banarjee

‘আমাকে যে কোনও সময় খুন করা হতে পারে’! অভিষেকর বিরুদ্ধে নতুন এফআইআর, মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য টেনে প্রাণনাশের আশঙ্কার অভিযোগ রাজীবের

অভিযোগে তিনি সদ্য কালীঘাট তৃণমূলের হাতছাড়া বিধায়ক মদন মিত্রের বক্তব্যেরও উল্লেখ করেছেন। রাজীবের দাবি, অভিষেকের ‘অপরাধমনস্কতা’র উদাহরণ হিসেবেই তিনি মদনের মন্তব্য তুলে ধরেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানার পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০২:১৭

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে প্রথম থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার। এ বার তিনি দাবি করেছেন, তাঁর প্রাণনাশের আশঙ্কা রয়েছে এবং যে কোনও সময় তাঁকে খুন করা হতে পারে। এই আশঙ্কার কথা উল্লেখ করে তিনি সল্টলেক সাইবার ক্রাইম থানায় নতুন করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি সদ্য কালীঘাট তৃণমূলের হাতছাড়া বিধায়ক মদন মিত্রের বক্তব্যেরও উল্লেখ করেছেন। রাজীবের দাবি, অভিষেকের ‘অপরাধমনস্কতা’র উদাহরণ হিসেবেই তিনি মদনের মন্তব্য তুলে ধরেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে বিধাননগর থানার পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।

সম্প্রতি ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার কাজ শুরুকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে অভিষেক হুমকির সুরে মন্তব্য করেছেন বলে অভিযোগ রাজীব সরকারের। অভিযোগপত্রে রাজীব দাবি করেছেন, ডিজে মন্তব্যের ঘটনায় প্রথম অভিযোগ দায়ের করার পর থেকেই তিনি অভিষেকের নিশানায় রয়েছেন। তাঁর আশঙ্কা, তাঁকে ভুয়ো মামলায় ফাঁসানো হতে পারে, এমনকি প্রাণনাশেরও চেষ্টা হতে পারে। রাজীবের কথায়, ‘‘আমি যেহেতু এক বার অভিযোগ দায়ের করেছি, তাই ওঁর নিশানার তালিকায় রয়েছি। হয় আমাকে ভুয়ো মামলায় ফাঁসানো হবে, নয়তো শেষ করে দেওয়া হবে।’’

সম্প্রতি কামারহাটির বিধায়ক মদন মিত্র ফেসবুক লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যেরই উল্লেখ করে নিজের প্রাণনাশের আশঙ্কার কথা অভিযোগপত্রে তুলে ধরেছেন রাজীব সরকার। অভিযোগপত্রে রাজীব লিখেছেন, তাঁর প্রাণের আশঙ্কা যে অমূলক নয়, তা মদন মিত্রের বক্তব্য থেকেও স্পষ্ট। তিনি উল্লেখ করেছেন, ফেসবুক লাইভে মদন দাবি করেছিলেন যে তিনি ২৭ মাস জেল খেটেছেন এবং অভিষেক সম্পর্কে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। রাজীবের অভিযোগ অনুযায়ী, ওই লাইভে মদন বলেন, ‘আমি অভিষেককে একটা জিনিস বলতে চাই। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। অভিষেক, তুমি একটা ক্রিমিনাল। একটা খুনি। টাকা দিয়ে তুমি খুন করাও। সুপারি কিলার দিয়ে তুমি খুন করাও। তোমার অপরাধের প্রবণতা আছে।’ এই বক্তব্যের উল্লেখ করে রাজীবের দাবি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য প্রকাশ করেছেন এবং আইনি লড়াই শুরু করেছেন। সেই কারণে তাঁর জীবনের ঝুঁকি বেড়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। অভিযোগপত্রে তাঁর দাবি, অভিষেকের ভাড়া করা সুপারি কিলারের হাতে তিনি যে কোনও সময় খুন হতে পারেন।

প্রসঙ্গত, রাজ্যে সরকার পরিবর্তনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগে ধারাবাহিকভাবে এফআইআর দায়ের হয়েছে। এর আগে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁর করা 'ডিজে' মন্তব্যকে কেন্দ্র করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এনে রাজীব সরকার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে। পরে মামলাটির তদন্তভার সিআইডির হাতে যায় এবং তদন্তের স্বার্থে অভিষেককে একাধিক বার তলব করে জিজ্ঞাসাবাদও করা হয়। অন্য দিকে, এই সব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিভিন্ন মামলায় আইনি সুরক্ষা চেয়ে তিনি আদালতের দ্বারস্থ হলেও সব মামলায় একযোগে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ পাননি। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে আরও একটি নতুন এফআইআর দায়ের হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।


Share