Middle East Conflict

মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি! ১১৩ ঘন্টা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দর থেকে চালু হল পরিষেবা

সংঘর্ষের ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্তব্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ১১৩ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার উড়ান চালু হল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৪:৩৬

পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের জেরে দুবাই, কাতার, ইরান, ইরাক-সহ বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমেরিকা ঘনিষ্ঠ পশ্চিম এশিয়ার দেশগুলিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে অসমরিক বিমান পরিষেবা আপাতত বন্ধ করে দিয়েছে ওই অঞ্চলের বেশির ভাগ দেশ। দুবাইয়েও বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইরান। সেই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। সেই পরিষেবা আবার চালু হল।

সংঘর্ষের ফলে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্তব্ধ হয়ে গিয়েছিল। অবশেষে ১১৩ ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার উড়ান চালু হল। ফ্লাইদুবাই সংস্থা এই পরিষেবা চালু করেছে। তাদের একটি উড়ান এফজ়েড ৪৬১/৪৬২ দুবাই থেকে রওনা দেয় বুধবার। সেটির রাত ১২টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেটি বিমানবন্দরে অবতরণ করেনি। রাত ২টো ৪০ মিনিটে পৌঁছোয় উড়ানটি।

ফ্লাইদুবাইয়ের ওই উড়ানে ১৩০ জন যাত্রী ছিলেন। অন্য দিকে, কলকাতা থেকে ফ্লাইদুবাইয়ের একটি উড়ান দুবাইয়ের উদ্দেশে বুধবার রাত ১টা ২৫ মিনিটে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেটি ছাড়ে রাত ৩টে ৫৯ মিনিটে। বিমানটিতে ৫৫ জন যাত্রী ছিলেন। প্রসঙ্গত, দুবাইয়ের উদ্দেশে কলকাতা বিমানবন্দর থেকে শেষ বিমান উড়েছিল ২৮ ফেব্রুয়ারি। এমিরেটসের একটি উড়ান ওই দিন সকাল ৯টা ৩৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়। তার পর থেকে দুবাইয়ের উদ্দেশে কোনও বিমান ছাড়েনি কলকাতা থেকে। আবার দুবাই থেকেও কলকাতায় আসেনি কোনও বিমান। ১১৩ ঘণ্টা ৫ মিনিট উড়ান পরিষেবা বন্ধ থাকার পর আবার তা চালু হল। এয়ার অ্যারাবিয়ার কলকাতা থেকে দুবাইগামী একটি বিমানও বাতিল করা হয়েছে কলকাতা থেকে।


Share