Ma Canteen

নাম বদলে নতুন রূপে ‘মা-আহার’, মাত্র ৫ টাকায় মাছ-ভাতের সুবিধা পাবে লক্ষ লক্ষ মানুষ

নতুন মেনু এবং পরিষেবার সম্প্রসারণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। কম খরচে পুষ্টিকর খাদ্যের সুযোগ বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন উপভোক্তারা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৯:৪৬

রাজ্য সরকারের জনপ্রিয় স্বল্পমূল্যের খাদ্য প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘মা-আহার’। নাম বদলের পাশাপাশি প্রকল্পের খাদ্যতালিকাতেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এবার থেকে মাত্র পাঁচ টাকায় ডিম-ভাতের পাশাপাশি নির্দিষ্ট দিনে মাছ-ভাতও পাবেন সাধারণ মানুষ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া এই প্রকল্পকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। বর্তমানে রাজ্যের ৩৯০টি কেন্দ্রে এই পরিষেবা চালু থাকলেও, আগামী দিনে সেই সংখ্যা বাড়িয়ে ৫০০-তে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, সব কেন্দ্রেই সপ্তাহের নির্দিষ্ট দিনে মাছ-ভাত পরিবেশন করা হবে।

সরকারের দাবি, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কাছে পুষ্টিকর এবং সাশ্রয়ী মূল্যের খাবার পৌঁছে দেওয়াই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। নতুন মেনু এবং পরিষেবার সম্প্রসারণকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। কম খরচে পুষ্টিকর খাদ্যের সুযোগ বাড়ায় দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করছেন উপভোক্তারা।

প্রশাসনের আশা, এই পরিবর্তনের ফলে ‘মা-আহার’ প্রকল্প আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছোবে এবং প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য একটি নির্ভরযোগ্য খাদ্য-সহায়তা কর্মসূচি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।


Share