Train Fare Increased

প্রতি কিলোমিটারে দিতে হবে দু’পয়সা করে বেশি, ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে দুরপাল্লার ট্রেনের ভাড়া

বছরের শেষে রেলযাত্রীদের জন্য বড় খবর। ২৬ ডিসেম্বর থেকে দুরপাল্লার ট্রেনে ভাড়া বাড়ছে প্রতি কিমিতে দু'পয়সা। লোকাল ও মান্থলি টিকিটে স্বস্তি, ভাড়া অপরিবর্তিত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:১৬

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল ভারতীয় রেল। প্রতি কিলোমিটারে ভাড়া দু'পয়সা করে বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। আগামী ২৬ ডিসেম্বর থেকে তা লাগু হবে বলে জানানো হয়েছে। এর জেরে দুরপাল্লার ট্রেনে যাত্রার খরচ বাড়তে চলেছে। রেলের দাবি, এই ভাড়া বৃদ্ধির ফলে চলতি বছরে প্রায় ৬০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, নন-এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি এসি কোচের ভাড়াও প্রতি কিলোমিটারে দু'পয়সা করে বাড়ানো হয়েছে। এর ফলে নন-এসি কোচে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাত্রা করলে যাত্রীদের মাত্র ১০ টাকা বেশি দিতে হবে। তবে সাধারণ যাত্রীদের লোকাল ট্রেনের ভাড়া অপরিবর্তিত থাকছে। মাসিক টিকিটের খরচও বাড়ছে না। পাশাপাশি সাধারণ শ্রেণিতে ২১৫ কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও কোনও ভাড়া বৃদ্ধি করা হয়নি বলে জানিয়েছে রেল।

ভারতীয় রেলের বক্তব্য, গত এক দশকে দেশের রেল যোগাযোগ ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন ও কর্মী খাতে খরচ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। রেলের বিবৃতিতে জানানো হয়েছে, কর্মীদের জন্য খরচ বেড়েছে প্রায় এক লক্ষ ১৫ হাজার কোটি টাকা এবং পেনশন বাবদ খরচ বেড়েছে ৬০ হাজার কোটি টাকা। ২০২৪–২৫ অর্থবর্ষে রেলের মোট ব্যয় বেড়েছে প্রায় দু'লক্ষ ৬৩ হাজার কোটি টাকা।

এই বাড়তি ব্যয় সামাল দিতেই পণ‍্য পরিবহণে জোর দেওয়ার পাশাপাশি যাত্রী ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।বিশেষজ্ঞরা মনে করছে, ভাড়া বৃদ্ধি রেলের রাজস্ব বাড়ালেও রেলের উপর নির্ভরশীল বিপুল সংখ্যক সাধারণ যাত্রীর উপর এর প্রভাব পড়তে পারে।


Share