Abhishek Banerjee

কালীঘাটের অভিষেকের বাড়িতে ফিতে নিয়ে এল পুরসভার কর্মীরা, ‘অবৈধ’ নির্মাণ বুঝতে চলল মাপজোক

পুরসভা আধিকারিকদের হাতে কিছু কাগজপত্র ছিল। তা ভবন এবং রাস্তার নকশা ছিল বলে সূত্রের খবর। গেটের বাইরে দাঁড়িয়ে তা বেশ কিছু ক্ষণ মিলিয়ে দেখেন। নকশা অনুযায়ী বাড়ির নির্মাণ ঠিক কি না তা মিলিয়ে দেখেছেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকেরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এল পুরসভার কর্মীরা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৩:৩৫

কালীঘাটের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুরসভার কর্মীরা ফিতে নিয়ে হাজির হলেন। মঙ্গলবার ১টার পরে পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে কয়েক জন সেখানে যান। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে পৌঁছে গিয়েছিলেন। ফিতে দিয়ে তাঁরা সেখানে মাপজোক করেন।

পুরসভার কর্মীরা যখন কালীঘাটের অভিষেকের বাড়িতে যান সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে ছিলেন না। সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে তিনি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন। নির্বাচনের পরে ‘ডিজে বাজানো’ মন্তব্য নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের জন‍্য সিআইডি ডেকে পাঠায়। এক দিকে যখন ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হচ্ছেন অভিষেক তখন পুরসভার কর্মীরা তাঁর কালীঘাটের বাড়িতে যান।

জানা গিয়েছে, কালীঘাটের পটুয়াপাড়ার অভিষেকের বাড়িটি নিয়ম মেনে করা হয়েছে কি না, তা জানতেই পুরসভার কর্মীরা সেখানে গিয়েছিলেন। ফুটপাত ছেড়ে ওই ভবনের সীমানা প্রাচীর তোলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেছে পুরসভার কর্মীরা। অভিষেকের বাড়ির পিছন দিকে যে কালো গেট রয়েছে, তা-ও ফিতে দিয়ে পুরসভার কর্মীরা মেপে দেখেন। ফুটপাত ছেড়ে কতটা জায়গা ছাড়া হয়েছে তা দেখেন তাঁরা। এ ছাড়াও, বাড়িটির পাশে একটি সেলুন রয়েছে। সেই সেলুনের ভিতরে গিয়েও পুরসভার কর্মীরা মাপজোক করা হয়েছে।

পুরসভা আধিকারিকদের হাতে কিছু কাগজপত্র ছিল। তা ভবন এবং রাস্তার নকশা ছিল বলে সূত্রের খবর। গেটের বাইরে দাঁড়িয়ে তা বেশ কিছু ক্ষণ মিলিয়ে দেখেন। নকশা অনুযায়ী বাড়ির নির্মাণ ঠিক কি না তা মিলিয়ে দেখেছেন পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকেরা।

সম্প্রতি অভিষেকের সঙ্গে সম্পর্কিত একাধিক ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। পরবর্তী সময়ে পুরসভার নোটিসের প্রেক্ষিতে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ ভাবে নির্মিত।


Share