Kalyan Banerjee

এসএসসির আইনি লড়াইয়ে বড়সড় রদবদল! সব মামলা থেকে সরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাই কোর্টে কমিশনের নতুন মুখ ইন্দ্রনীল রায়

তবে সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই এসএসসির হয়ে আদালতে নতুন আইনজীবী সওয়াল শুরু করেছেন।

এসএসসি মামলা থেকে সরে গেলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৪:৩৫

স্কুল সার্ভিস কমিশনের সব মামলা থেকে সরে গেলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এসএসসি-সংক্রান্ত কোনও মামলাতেই আর তাঁর সওয়াল শোনা যাবে না। শুক্রবার কলকাতা হাই কোর্টে এসএসসির মেয়াদোত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এই পরিবর্তনের বিষয়টি সামনে আসে। এতদিন এসএসসির হয়ে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই এসএসসির হয়ে আদালতে নতুন আইনজীবী সওয়াল শুরু করেছেন।

এসএসসির আইনি লড়াইয়ে বড় পরিবর্তন আনা হয়েছে। সংস্থার তরফে আইনজীবী কল্যাণকে সরিয়ে সিনিয়র আইনজীবী ইন্দ্রনীল রায়কে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে সহায়তা করছেন জুনিয়র আইনজীবী সুনীত রায়। উল্লেখ্য, চলতি মাসেই এসএসসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন আইএএস আধিকারিক দুষ্যন্ত নারিয়ালা। বিধানসভা নির্বাচনের আগে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ছিলেন। পরে ওই পদে মনোজ আগরওয়ালকে নিয়োগ করা হয়। এরপর দুষ্যন্তকে দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি রেসিডেন্ট কমিশনারের দায়িত্বের পাশাপাশি এসএসসি চেয়ারম্যানের পদও সামলাচ্ছেন। সূত্রের খবর, তাঁর উদ্যোগেই সংস্থার আইনজীবী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে একাধিক মামলা এখনও বিচারাধীন। অভিযোগ উঠেছে, নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সংশ্লিষ্ট প্যানেল থেকে নিয়োগ করা হয়েছে। সেই অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানি শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে হয়। এ দিন এসএসসির পক্ষে সওয়াল করেন আইনজীবী ইন্দ্রনীল ও সুনীত। অতীতে এসএসসির একাধিক মামলায় নিয়মিত সওয়াল করলেও, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কমিশনের হয়ে খুব একটা দেখা যায়নি। তবে ভোটের আগে পর্যন্ত তিনি এই ধরনের মামলায় সক্রিয় ছিলেন।


Share