International Yoga Day

যোগ দিবসের প্রস্তুতিতে সুন্দরবনে পর্যটন বন্ধ! আগামী ২৩ জুন পর্যন্ত জঙ্গল সাফারি ও বোট পরিষেবা স্থগিত

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি শুরু করেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০১:০১

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে কলকাতায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সেই আয়োজনের প্রভাব এ বার পড়তে চলেছে সুন্দরবনের পর্যটন শিল্পে। বিভিন্ন পর্যটকবাহী বোট ও লঞ্চকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেওয়ায় আগামী কয়েকদিন সুন্দরবনের জঙ্গল সাফারি ও পর্যটন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। ফলে আগাম বুকিং করা বহু পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়েছেন।

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক প্রস্তুতি শুরু করেছে। তারই অংশ হিসেবে ২০ জুন গঙ্গাবক্ষে একটি বৃহৎ যোগাভ্যাস অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে গঙ্গার বুকে প্রায় ৫০০ নৌকোয় একযোগে যোগাভ্যাসের আয়োজন করা হবে। মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, প্রিন্সেপ ঘাট এবং বেলুড়-দক্ষিণেশ্বর সংলগ্ন এলাকাজুড়ে এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। পাশাপাশি ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।

এই বিশাল আয়োজন সফল করতে সুন্দরবনের বিভিন্ন পর্যটকবাহী বোট ও লঞ্চকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সেই কারণেই ১৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সুন্দরবনের জঙ্গল ও পর্যটনকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। ফলে এই সময়ের মধ্যে জঙ্গল সাফারি, নদীপথে ভ্রমণ কিংবা অন্যান্য পর্যটন পরিষেবা বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তে পর্যটন শিল্পের সঙ্গে যুক্তদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে সুন্দরবনে ইলিশ উৎসবের মরশুম চলায় পর্যটকদের ভিড়ও বেড়েছে। অনেকেই আগে থেকেই হোটেল, লঞ্চ এবং যাতায়াতের টিকিট বুক করে রেখেছিলেন। আচমকা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের অনেকেরই ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

সুন্দরবনের পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, বহু পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবন ভ্রমণে আসেন এবং আগে থেকেই যাতায়াত ও থাকার ব্যবস্থা করে রাখেন। ফলে সাময়িক অসুবিধা তৈরি হলেও আন্তর্জাতিক যোগ দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের স্বার্থে সকলের সহযোগিতা প্রয়োজন।

ট্যুরিস্ট বোট ইউনিয়নের পক্ষ থেকেও জানানো হয়েছে, ওই সময়ে অধিকাংশ পর্যটকবাহী বোট কলকাতায় থাকায় সুন্দরবনে পর্যটন পরিষেবা চালু রাখা সম্ভব নয়। তাই আগামী এক সপ্তাহ সুন্দরবন সফরের পরিকল্পনা থাকলে পর্যটকদের নতুন করে সময়সূচি নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে।


Share