Assembly Elections

রাজ‍্যের সব ভোটকেন্দ্রের অবস্থা কেমন, পরিকাঠামো উন্নয়নে কী কী পদক্ষেপ করা হয়েছে? কমিশনের কাছে জানতে চাইল নির্বাচন কমিশন

বুথের উন্নয়ন নিয়ে নির্বাচন কমিশন সরাসরি কোনও কাজে হস্তক্ষেপ করে না। সমস্যাগুলিকে চিহ্নিত করে রাজ‍্য সরকারকে জানিয়ে কোনও সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেয়। বুথের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ‍্য সরকারেরই। কিন্তু তার পরেও কিছু বুথে পরিকাঠামো উন্নয়নের কাজ বাকি রয়ে গিয়েছে। তা নিয়েই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০৪:০০

রাজ‍্যের ভোটকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে কী কী পদক্ষেপ করেছে কমিশন তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট। অভিযোগ, রাজ‍্যের অনেক ভোটকেন্দ্রে এখনও পর্যাপ্ত পরিকাঠামো নেই। ভোট দিতে এসে অনেকেই অসুবিধায় পড়েন। তাই এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য কলকাতা হাই কোর্টের দৃষ্টি করেছেন। হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। আদালত জানিয়েছে, এই বিষয়ে কমিশনের ভূমিকা লিখিত ভাবে জানতে হবে। তার আগে কোনও নির্দেশ দেওয়া যাবে না।

কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ, কোন ভোটকেন্দ্রে কেমন পরিকাঠামো রয়েছে তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাঁরা দেখেশুনে প্রয়োজনীয় নির্দেশ রাজ্য সরকারকে দিতে পারে। বুথ উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ কমিশন করেছে তা হলফনামা দিয়ে কমিশন আদালতকে জানাবে। কলকাতা হাই কোর্ট সেই রিপোর্ট হাতে পেলেই এক সপ্তাহ পরে ফের এই মামলা শুনবে।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যে কোনও ভোটকেন্দ্রে ভোটারদের সুবিধার্থে ন্যূনতম কয়েকটি পরিষেবা থাকা দরকার। বলা আছে, একটি বুথে বিদ্যুৎ, পানীয় জল, র‍্যাম্প, শৌচালয়ের মতো সুবিধা থাকা দরকার। কিন্তু অভিযোগ, পশ্চিমবঙ্গের এমন অনেক বুথ রয়েছে যেখানে এই পরিষেবা পাওয়া যায় না। ভোটের দিন সকাল থেকে ভোটারেরা লাইনে দাঁড়িয়ে থাকেন। তাঁদের নানা রকম সমস্যার মুখে পড়তে হয়। এর আগে নির্বাচনে রাজ্য সরকারের সংস্থা ম্যাকিনটোশ বার্নকে বুথগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য কাজের দায়িত্ব দিয়েছিল কমিশন। কিন্তু ওই সংস্থা মাঝপথে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে।

মামলাকারীর দাবি, সংস্থাটি মাত্র ৪০ শতাংশ কাজ করেছে। ফলে এখনও বহু বুথের বেহাল দশা। সামনেই বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে বুথের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে রাজ‍্য বিজেপির সভাপতি শমীক  ভট্টাচার্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।

উল্লেখ্য, বুথের উন্নয়ন নিয়ে নির্বাচন কমিশন সরাসরি কোনও কাজে হস্তক্ষেপ করে না। সমস্যাগুলিকে চিহ্নিত করে রাজ‍্য সরকারকে জানিয়ে কোনও সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেয়। বুথের পরিকাঠামো উন্নয়নের দায়িত্ব রাজ‍্য সরকারেরই। কিন্তু তার পরেও কিছু বুথে পরিকাঠামো উন্নয়নের কাজ বাকি রয়ে গিয়েছে। তা নিয়েই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়।


Share