DA

ডিএ নিয়ে বড় জল্পনা! ২২% বৃদ্ধির ‘সরকারি অর্ডার’ ভাইরাল, মুখ্যসচিব জানালেন আসল সত্য

পূর্ববর্তী সরকারের আমলে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ ছিল কর্মচারীদের একাংশের। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে ডিএ বৃদ্ধির আশায় বুক বাঁধছেন তাঁরা।

নবান্ন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১০:৫৬

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মহার্ঘ্য ভাতা (ডিএ) বৃদ্ধি। কেন্দ্র ও রাজ্যের ডিএ-র ব্যবধান কমবে কি না, তা নিয়ে কর্মীদের মধ্যে জল্পনা তুঙ্গে। পূর্ববর্তী সরকারের আমলে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ ছিল কর্মচারীদের একাংশের। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন করে ডিএ বৃদ্ধির আশায় বুক বাঁধছেন তাঁরা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ২২ জুন ‘সুখবর’-এর ইঙ্গিত দেওয়ায় প্রত্যাশা আরও বেড়েছে।

এই আবহেই মঙ্গলবার সমাজমাধ্যমে একটি সরকারি নির্দেশিকা ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য ২২ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে এবং তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। নির্দেশিকার নীচে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নাম ও স্বাক্ষরও দেখা যায়।

তবে পরে জানা যায়, ওই নির্দেশিকা সম্পূর্ণ ভুয়ো। বিভ্রান্তি দূর করতে মুখ্যসচিবের দফতর থেকে পৃথক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, ভাইরাল হওয়া নির্দেশিকার সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল স্পষ্ট করে বলেন, তাঁর নাম ও স্বাক্ষর ব্যবহার করে তৈরি কোনও ভুয়ো নথিতে যেন কেউ বিশ্বাস না করেন। পাশাপাশি তিনি জানান, ডিএ ঘোষণা করার ক্ষমতা তাঁর নেই।

যদিও এই ভুয়ো নির্দেশিকাকে কেন্দ্র করে ডিএ বৃদ্ধির সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেননি তিনি। রসিকতার সুরে বলেন, ‘‘যাঁরা এই নথি তৈরি করেছেন, তাঁদের সৃজনশীলতার প্রশংসা করতেই হয়।’’

মুখ্যসচিবের দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএ সংক্রান্ত বিষয়ে কোনও সরকারি ঘোষণা জানতে হলে ২২ জুন রাজ্য বাজেট পেশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলে সরকারি কর্মীদের নজর এখন সেই দিনের দিকেই।


Share