Cancellation of train

ঘন কুয়াশার দাপটে রেল বিপর্যয়, ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে বাতিল ২০টিরও বেশি ট্রেন

তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত রেল পরিষেবা। দিল্লি-সহ উত্তর ভারতে বহু ট্রেন বাতিল ও ধীরগতিতে চলাচল। ফেব্রুয়ারি–মার্চ জুড়ে প্রভাব, সবচেয়ে ভোগান্তিতে বিহারগামী যাত্রীরা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০৬:৪৮

দেশের বিভিন্ন প্রান্তে তীব্র শীত ও ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত ট্রেন চলাচল। রাজধানী দিল্লি-সমেত উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় সকাল থেকেই ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে রেল পরিষেবায়। নিরাপত্তার স্বার্থে বহু ট্রেনের গতি কমানো হয়েছে এবং একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে যাত্রীদের বাড়ি থেকে বেরোনোর আগে ট্রেনের বর্তমান অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। আবার কিছু ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে মার্চ মাস পর্যন্ত। এই বাতিলের তালিকায় পাটনা, প্রয়াগরাজ, হাওড়া, অমৃতসর, কামাখ্যা, কলকাতা, আজমেঢ় ও অম্বালার মতো গুরুত্বপূর্ণ রুট রয়েছে। বিশেষ করে বিহারগামী যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে, কারণ এই বিভাগের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে ঝাঁসি-কলকাতা ও কলকাতা-ঝাঁসি এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন ও দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, মালদহ টাউন-নয়াদিল্লি ও নয়াদিল্লি-মালদহ টাউন এক্সপ্রেস, বারাউনি-আম্বালা ও আম্বালা-বারাউনি হরিহর এক্সপ্রেস, পূর্ণিয়া কোর্ট-অমৃতসর ও অমৃতসর-পূর্ণিয়া কোর্ট জনসেবা এক্সপ্রেস, ডিব্রুগড়-চন্ডীগড় ও চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস, গয়া-কামাখ্যা ও কামাখ্যা-গয়া এক্সপ্রেস, কামাখ্যা-আনন্দ বিহার ও আনন্দ বিহার-কামাখ্যা এক্সপ্রেস, হাতিয়া-আনন্দ বিহার ও আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস, সাঁতরাগাছি-আনন্দ বিহার ও আনন্দ বিহার-সাঁতরাগাছি এক্সপ্রেস, পাশাপাশি টাটা-অমৃতসর ও অমৃতসর-টাটা এক্সপ্রেস। অধিকাংশ ট্রেন ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এবং কিছু ট্রেন মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত বাতিল থাকবে বলে জানানো হয়েছে।


Share