LPG Price Hike

তিন মাসে দ্বিতীয় ধাক্কা! ফের বাড়ল গৃহস্থালির এলপিজির দাম, কলকাতায় সিলিন্ডার পিছু ২৯ টাকা বৃদ্ধি

নতুন দামে কলকাতায় একটি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৯৬৮ টাকা, যা এতদিন ছিল ৯৩৯ টাকা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১২:৩১

ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম। পেট্রল, ডিজেল এবং বাণিজ্যিক এলপিজির পর এ বার দাম বাড়ল গৃহস্থালির রান্নার গ্যাসেরও। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার বাড়ানো হল এলপিজি সিলিন্ডারের মূল্য। শনিবার তেল সংস্থাগুলি ঘোষণা করেছে, ১৪.২ কেজির গৃহস্থালির সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন মূল্য রবিবার, ৭ জুন থেকে কার্যকর হবে।

নতুন দামে কলকাতায় একটি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৯৬৮ টাকা, যা এতদিন ছিল ৯৩৯ টাকা। একইভাবে রাজধানী দিল্লিতে সিলিন্ডার পিছু দাম বেড়ে হয়েছে ৯৪২ টাকা। আগে সেখানে মূল্য ছিল ৯১৩ টাকা।

এর আগে গত ১ জুন থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে তিন হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা। তার মাত্র পাঁচ দিনের মধ্যেই গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হল। ফলে নিত্যপ্রয়োজনীয় খরচের চাপ আরও বাড়ল সাধারণ মানুষের উপর।

শুধু ১৪.২ কেজির সিলিন্ডারই নয়, বেড়েছে ছোট সিলিন্ডারের দামও। পাঁচ কেজির সিলিন্ডারের মূল্য ১০ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৩৫৮ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ১০ কেজির সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৯১ টাকা ৫০ পয়সা।

দীর্ঘ সময় ধরে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে ফের মূল্যবৃদ্ধি ঘটল। পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় এলপিজি আমদানিতে সমস্যা তৈরি হয়েছে। এর ফলে সরবরাহে চাপ পড়েছে এবং তার প্রভাব পড়েছে দেশের বাজারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার জেরে গত কয়েক মাসে দেশে এলপিজি সরবরাহে সংকট দেখা দেয়। সেই পরিস্থিতিতে গত ৭ মার্চ এক ধাক্কায় প্রায় ৬০ টাকা বাড়ানো হয়েছিল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম। তিন মাসের মধ্যেই ফের মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ আরও বেড়ে গেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


Share