Ration Dealer

ডিজিটাল রেশন কার্ডে বড়সড় গলদের অভিযোগ! যৌথ পরিবারের পুরনো তথ্যেই বাতিল হচ্ছে গরিবদের রেশন, খাদ্য দফতরের কাছে তিন দফা দাবিতে ডিলার ফেডারেশন

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বহু বছর আগে ডিজিটাল রেশন কার্ডের তথ্যভান্ডার তৈরি করার সময় অধিকাংশ পরিবারকে যৌথ পরিবার হিসেবেই নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবারগুলির অনেক সদস্য আলাদা হয়ে পৃথক সংসার গড়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৬ ০৩:৩৬

ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত একাধিক জটিলতার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের দাবি, পুরনো ডেটাবেসে থাকা বিভিন্ন ত্রুটির কারণে বহু প্রকৃত ও দরিদ্র উপভোক্তা রেশন পরিষেবার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রভাব পড়ছে রাজ্যের বিভিন্ন এলাকার রেশন ডিলারদের ওপরও, যাঁদের নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু এই চিঠি লিখেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বহু বছর আগে ডিজিটাল রেশন কার্ডের তথ্যভান্ডার তৈরি করার সময় অধিকাংশ পরিবারকে যৌথ পরিবার হিসেবেই নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবারগুলির অনেক সদস্য আলাদা হয়ে পৃথক সংসার গড়েছেন। বাস্তবে তাঁরা আলাদা পরিবার হিসেবে বসবাস করলেও সরকারি নথিতে এখনও একই পরিবারের সদস্য হিসেবেই তাঁদের নাম রয়ে গিয়েছে।

ফেডারেশনের অভিযোগ, এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই ‘ফ্যামিলি স্প্লিটিং’ বা পরিবার বিভাজনের প্রক্রিয়া কার্যত বন্ধ কিংবা অত্যন্ত সীমিতভাবে চালু রয়েছে। ফলে ফর্ম-১৪ বা অনলাইন হাউসহোল্ড ডিভিশনের মাধ্যমে ডিজিটাল রেশন কার্ড পৃথক করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বহু সাধারণ মানুষ। তাদের দাবি, এর জেরেই নানাবিধ প্রশাসনিক সমস্যার মুখে পড়তে হচ্ছে আবেদনকারীদের।

ফেডারেশনের দাবি, পুরনো যৌথ পরিবারের তথ্যের ভিত্তিতে চালু হওয়া স্বয়ংক্রিয় যাচাই ব্যবস্থা পুরো পরিবারকে একটি আর্থিক ইউনিট হিসেবে বিবেচনা করছে। এর ফলে পরিবারের একজন আর্থিকভাবে সচ্ছল সদস্যের রেশন সুবিধা বাতিল করতে গিয়ে একই প্রোফাইলে থাকা অন্যান্য দরিদ্র ও যোগ্য সদস্যদের রেশন কার্ডও একসঙ্গে নিষ্ক্রিয় বা বাতিল হয়ে যাচ্ছে। অভিযোগ, এতে প্রকৃত উপভোক্তারাও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ফেডারেশনের আরও অভিযোগ, এই সমস্যার সরাসরি প্রভাব পড়ছে রেশন ডিলারদের উপর। কার্ড বাতিল হওয়ায় গ্রাহকেরা রেশন না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ডিলারদের বিরুদ্ধে। অথচ এই সিদ্ধান্ত বা প্রযুক্তিগত ত্রুটির সঙ্গে ডিলারদের কোনও যোগ নেই। তবুও মাঠপর্যায়ে তাঁদের অযথা হেনস্থা ও জনরোষের মুখে পড়তে হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে খাদ্য দফতরের কাছে তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের প্রথম দাবি, আবাসিক শংসাপত্রের ভিত্তিতে ফর্ম-১৪ ব্যবহার করে পরিবার বিভাজনের অনলাইন ও অফলাইন প্রক্রিয়া অবিলম্বে চালু করতে হবে। দ্বিতীয় দাবি, পৃথক ও আর্থিকভাবে স্বনির্ভর পরিবারগুলির ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ যৌথ প্রোফাইল নিষ্ক্রিয় করার প্রক্রিয়া বন্ধ করা হোক। তৃতীয় দাবি, ব্লক ও মহকুমা স্তরে বিশেষ অভিযোগ নিষ্পত্তি কেন্দ্র গড়ে তুলে ভুলবশত বাতিল হওয়া রেশন কার্ড দ্রুত পুনর্বহালের ব্যবস্থা করা। ফেডারেশনের দাবি, এই তিনটি পদক্ষেপ দ্রুত কার্যকর হলে একদিকে প্রকৃত উপভোক্তারা সময়মতো খাদ্যশস্য পাবেন, অন্য দিকে রেশন ডিলারদের উপর অযথা তৈরি হওয়া চাপও অনেকটাই কমবে।


Share