Abhishek Banerjee

অভিষেকের দুয়ারে সিআইডি, এ বার উসকানিমূলক বক্তব্য সংক্রান্ত মামলায় নোটিশ, তৃণমূল নেতা বাড়ি না থাকায় তৈরি হল জটিলতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডিকে দেখে বাইরে উত্তেজনা তৈরি হয়। বাইরে ভিড় জমতে শুরু করে। এক আইনজীবী সেখানে আসেন। তবে চিঠিতে কী আছে তা এখনও স্পষ্ট নয়। সিআইডির কোনও আধিকারিক এই প্রসঙ্গে প্রকাশ‍্যে কিছু বলেননি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এল সিআইডির একটি দল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৭:৩৭

আবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এল সিআইডি। এ বার নির্বাচনের সময় উসকানিমূলক বক্তব্য সংক্রান্ত মামলার তদন্তে তাঁকে নোটিশ ধরাতে কালীঘাটের বাড়িতে তাঁরা হাজির হয়েছেন। কিন্তু ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বাড়িতে না থাকায় নোটিশ কাকে দেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়। জানা গিয়েছে, বিধাননগরের সাইবার থানায় অভিযোগের ভিত্তিতে এই তদন্ত সিআইডির হাতে গিয়েছে। সেই মামলার তদন্তেই এ দিন তৃণমূল নেতার বাড়িতে তদন্তকারীরা আসেন।

ভোটের পরে ‘ডিজে বাজার’ মন্তব‍্য ঘিরে বিধাননগর পুলিশের সাইবারে অভিযোগ দায়ের হয়। গতকাল এই মামলার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। জানা গিয়েছে, এই মামলার তদন্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিতে শুক্রবার আধিকারিকেরা আসেন। বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ তাঁরা অভিষেকের বাড়িতে আসেন। তাঁরা এসে তাঁর খোঁজ মেলেনি। পরে অভিষেকের দফতরে এক কর্মী এসে তদন্তকারীদের জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩টে ৩০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। তিনি সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন। সেখানে একটি দলীয় বৈঠকে যোগ দিয়েছেন।

কিন্তু তদন্তকারীদের দাবি ছিল, ওই নোটিশের চিঠি তাঁরা অভিযুক্তের হাতেই দিতে চান। তাঁর অফিসের কর্মীরা জানান, তাঁরা এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি সেই মূহূর্তে বাড়িতে নেই। চিঠিটা তাঁরা নিতে পারবেন কি না তা-ও কর্মীরা জানতে চান।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডিকে দেখে বাইরে উত্তেজনা তৈরি হয়। ভিড় জমতে শুরু করে। এক আইনজীবী সেখানে আসেন। তবে চিঠিতে কী আছে তা এখনও স্পষ্ট নয়। সিআইডির কোনও আধিকারিক এই প্রসঙ্গে প্রকাশ‍্যে কিছু বলেননি।

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি মামলা নিতে এমনিতেই অস্বস্তিতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল এই মামলায় তাঁকে সাড়ে পাঁচ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। আগামী রবিবার দুপুর ১২টায় সই জালিয়াতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। এ বার অন‍্য একটি মামলাতে তাঁর নাম জড়িয়ে গেল। 

উল্লেখ্য, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালিয়াতি কান্ডে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলাটির শুনানি হয়েছে। সিআইডির আদালতের কাছে দাবি করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জালিয়াতি কাণ্ডে ‘মূলচক্রী’। দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভবানী ভবনে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি, আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ সিআইডি করতে পারবে না বলেও নির্দেশ কলকাতা হাই কোর্ট দিয়েছে।


Share