Education Department

ছুটি শেষে খুলেছে স্কুল, কিন্তু কমেনি গরমের প্রকোপ! পরিস্থিতি সামাল দিতে মর্নিং শিফট চালুর ছাড়পত্র বিকাশ ভবনের

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালবেলার সময়সূচি নির্ধারণ করতে পারবেন।

বিকাশ ভবন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১০:৩৯

তীব্র গরম ও তাপপ্রবাহের পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় স্কুলের সময়সূচিতে পরিবর্তনের অনুমতি দিল স্কুল শিক্ষা দফতর। সোমবার বিকাশ ভবনের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আগামী দু’সপ্তাহ স্কুলগুলি প্রয়োজনে মর্নিং শিফটে ক্লাস পরিচালনা করতে পারবে।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালবেলার সময়সূচি নির্ধারণ করতে পারবেন। ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

স্কুল শিক্ষা দফতর এই নির্দেশ জেলা স্কুল পরিদর্শকদের কাছে পাঠিয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক উভয় স্তরের স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে। প্রয়োজন অনুযায়ী স্কুল পরিদর্শকেরা সংশ্লিষ্ট এলাকায় সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানানো হয়েছে। নতুন সময়সূচি চালুর আগে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের যথাযথভাবে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, অতিরিক্ত গরমের কারণে এর আগেও রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছিল। প্রথমে ১১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হলেও পরে তা ৩১ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। পাহাড়ি অঞ্চল বাদে রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সেই সিদ্ধান্ত কার্যকর হয়েছিল। গত ১ জুন থেকে পুনরায় স্কুল খুলেছে।

তবে এখনও গরমের প্রকোপ পুরোপুরি কমেনি। পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও তাপপ্রবাহ মোকাবিলায় সতর্ক থাকার আহ্বান জানান। তিনি পর্যাপ্ত জলপান এবং সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেন।


Share