Shyamaprasad Mukherjee

অমিত শাহের প্রতিশ্রুতির বাস্তবায়ন, জিরাটে শ্যামাপ্রসাদের বাড়ি কিনল সরকার, ২০০ কোটির স্মারক প্রকল্পে শুরু বড় উদ্যোগ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চার উত্তরসূরির কাছ থেকে মোট এক কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকায় বাড়িটি কেনা হয়েছে। গত ৩ জুলাই কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স’-এর দফতরে জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়।

১ কোটি ২৬ লক্ষ টাকায় শ্যামাপ্রসাদের ভিটে কিনল রাজ্য।
নিজস্ব সংবাদদাতা, বলাগড়
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৭:৫৬

নির্বাচনী প্রচারের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, হুগলির বলাগড়ের জিরাটে অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংস্কার করে সেখানে একটি সংগ্রহশালা ও গ্রন্থাগার গড়ে তোলা হবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার।

বলাগড়ের ঐতিহাসিক বসতবাড়িটি সরাসরি কিনে নিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। জেলা প্রশাসনের বৈঠক হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই বাড়িটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হয়। এর ফলে ব্যক্তিগত মালিকানাধীন এই ঐতিহ্যবাহী বাড়ি এখন সরকারি সম্পত্তিতে পরিণত হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চার উত্তরসূরির কাছ থেকে মোট এক কোটি ২৫ লক্ষ ৯৯ হাজার ৮২২ টাকায় বাড়িটি কেনা হয়েছে। গত ৩ জুলাই কলকাতার ‘রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স’-এর দফতরে জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়। একই দিন চার উত্তরসূরির ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্ধারিত অর্থও হস্তান্তর করা হয়।

জিরাটের ঐতিহাসিক বসতবাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত ৩ জুন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এরপর ২৯ জুন হুগলির স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসারের নেতৃত্বে জেলার ‘ডাইরেক্ট ল্যান্ড পারচেজ কমিটি’-র বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের মাত্র তিন দিনের মধ্যেই বাড়ি কেনার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্য সরকার।

স্থানীয় বিধায়ক তথা রাজ্যের স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার জানান, নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে সংরক্ষণ ও সেখানে সংগ্রহশালা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঘোষণার পরই রাজ্য সরকার দ্রুত উদ্যোগ নিয়ে বাড়িটি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেছে।

পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বাড়ির সমস্ত শরিকের সঙ্গে আলোচনা করে রেকর্ড সময়ের মধ্যেই মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে সংগ্রহশালা গড়ে তোলার কাজও শুরু হয়েছে। জানা গিয়েছে, বসতবাড়ি-সহ কেনা জমির মোট পরিমাণ ০.৩০১৭৯ একর। জমির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি ১৫ লক্ষ টাকা এবং বাড়ির কাঠামোর মূল্য ধরা হয়েছে ১০ লক্ষ ৫৬ হাজার টাকা। ফলে জমি ও বাড়ির মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় এক কোটি ২৬ লক্ষ টাকা। এর সঙ্গে মালিকানা হস্তান্তরের প্রশাসনিক খাতে আরও প্রায় দু'লক্ষ টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে এই সম্পত্তি অধিগ্রহণে সরকারের মোট খরচ হয়েছে প্রায় এক কোটি ২৮ লক্ষ টাকা।

পশ্চিমবঙ্গের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর জন্মদিন ৬ জুলাই রাজ্য সরকারি কর্মীদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্যজুড়ে সরকারি উদ্যোগে পালিত হয়েছে তাঁর জন্মজয়ন্তী। এ ছাড়া চলতি বাজেটে তাঁর পৈতৃক ভিটেকে কেন্দ্র করে ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ, ঐতিহ্যবাহী বাড়ির সংস্কার এবং সংলগ্ন এলাকার সৌন্দর্যায়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, সেখানে গড়ে তোলা হবে একটি স্মৃতি পার্ক, গ্রন্থাগার ও সংগ্রহশালা। সেই প্রকল্পের অংশ হিসেবেই জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি পূর্ণাবয়ব মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।

বর্তমানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাই বামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাতি বাণীপ্রসাদ মুখোপাধ্যায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরাই এই ঐতিহ্যবাহী সম্পত্তিটির দেখভালের দায়িত্বে রয়েছেন। জিরাটে ‘বাংলার বাঘ’ স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামে একটি স্কুল ও একটি গ্রন্থাগার থাকলেও, এতদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কোনও উল্লেখযোগ্য স্মারক বা প্রতিষ্ঠান ছিল না। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে তাঁর একটি ছোট মূর্তি স্থাপন করা হয়েছিল। তবে এ বার সেই অভাব পূরণের পথে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িকে সংগ্রহশালায় রূপান্তরের কাজ শুরু হয়েছে। পাশাপাশি, জিরাটে একটি আধুনিক অডিটোরিয়ামও নির্মাণ করা হচ্ছে।


Share