Yoga Day

২১ জুন সকালেই যোগাভ্যাসে নামতে হবে সব সরকারি কর্মীকে, মুখ্যসচিবের নির্দেশে জারি কড়া নির্দেশিকা

নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং আউটসোর্সড কর্মীদের পাশাপাশি সাম্মানিকভিত্তিক কর্মীরাও এই কর্মসূচির আওতায় থাকবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ০৮:৪৩

আসন্ন ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’ পালনকে কেন্দ্র করে রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের জন্য নির্দেশিকা জারি করেছে বিজেপি সরকার। মুখ্যসচিবের দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন সকাল ছ'টা ৩০ মিনিট থেকে সাতটা ৪৫ মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট দফতর, সরকারি আবাসন, কলকাতার রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে যোগাভ্যাসে অংশগ্রহণ করতে হবে কর্মীদের।

নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক এবং আউটসোর্সড কর্মীদের পাশাপাশি সাম্মানিকভিত্তিক কর্মীরাও এই কর্মসূচির আওতায় থাকবেন। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনিক সংস্থার কর্মীদেরও যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের কথা বলা হয়েছে।

এ বছর কলকাতার রেড রোডে আয়োজিত প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের উপস্থিতিতেই আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন করা হবে।

উল্লেখ্য, ২০১৪ সালে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই সময় থেকে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত কিংবা বিদেশে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। গত বছর তিনি বিশাখাপত্তনমে যোগ দিবস পালন করেছিলেন। ২০২৪ সালে কাশ্মীরের শ্রীনগরে ডাল লেকের তীরে অবস্থিত শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। তার আগে ২০২৩ সালে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছিলেন তিনি।


Share