Accident

খাদ্য ভবনে দুর্ঘটনা, পাঁচ তলা থেকে নিচে পড়ে গুরুতর জখম যুগ্ম সচিব, তদন্তে হোমিসাইড শাখা

শব্দের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখতে পান, ভবনের বি-ব্লকের সিঁড়ি সংলগ্ন অংশে রাখা আসবাবপত্রের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই আধিকারিক। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করছে লালবাজারের হোমিসাইড শাখা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৪:৪১

সোমবার সকালে কলকাতার খাদ্য ভবনে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। খাদ্য ও সরবরাহ দফরের এক যুগ্ম সচিব ভবনের পাঁচ তলা থেকে নিচে পড়ে গুরুতর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

সূত্রের খবর, সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ অফিস চলাকালীন হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান খাদ্য ভবনের কর্মীরা। শব্দের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখতে পান, ভবনের বি-ব্লকের সিঁড়ি সংলগ্ন অংশে রাখা আসবাবপত্রের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই আধিকারিক। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তিনি চারতলার সিঁড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়েছিলেন। তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউ মার্কেট থানার পুলিশ। পাশাপাশি তদন্তে নামে কলকাতা পুলিশের হোমিসাইড শাখাও।

তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি নিছক দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। ইতিমধ্যেই ভবনের নিরাপত্তা ব্যবস্থা, সিঁড়ির কাঠামো এবং ঘটনার সময় সংশ্লিষ্ট আধিকারিকের গতিবিধি খতিয়ে দেখা শুরু হয়েছে। কারও সঙ্গে তাঁর কোনও কথা বা বচসা হয়েছিল কি না, তাও তদন্তের আওতায় আনা হয়েছে।

পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং উপস্থিত কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। সরকারি দফতরের ভেতরে এমন ঘটনায় কর্মীদের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরাও।


Share