Abhishek Banarjee

ডায়মন্ড হারবারে ফের আইনি বিপাকে অভিষেক, পৈলানের রিসর্টে 'সেবাশ্রয়' শিবিরের নামে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে বিষ্ণুপুর থানায় এফআইআর

অভিযোগ, পৈলানের একটি রিসর্টে সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হলেও তার জেরে দীর্ঘ ৪০ দিন রিসর্টটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রিসর্টের প্রতিনিধির অভিযোগ, ওই সময় স্বাস্থ্যশিবিরে যুক্ত চিকিৎসক ও কর্মীদের থাকা-খাওয়ার সমস্ত ব্যবস্থা রিসর্টকেই করতে হয়েছিল এবং সেই সংক্রান্ত সমস্ত খরচও বহন করতে হয়েছে তাদের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৬ ০২:৫০

ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, পৈলানের একটি রিসর্টে সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হলেও তার জেরে দীর্ঘ ৪০ দিন রিসর্টটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রিসর্টের প্রতিনিধির অভিযোগ, ওই সময় স্বাস্থ্যশিবিরে যুক্ত চিকিৎসক ও কর্মীদের থাকা-খাওয়ার সমস্ত ব্যবস্থা রিসর্টকেই করতে হয়েছিল এবং সেই সংক্রান্ত সমস্ত খরচও বহন করতে হয়েছে তাদের। এই অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর প্রাক্তন আপ্তসহায়ক সুমিত রায়ের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করেছে।

শুক্রবার বিধানসভায় সেবাশ্রয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা। শনিবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিবৃতি দেওয়ার কথা রয়েছে। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন এই অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে তাৎপর্য তৈরি হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহকারী সুমিত এবং বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছে একটি রিসর্ট কর্তৃপক্ষ। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘সেবাশ্রয়’ কর্মসূচির সময় তাঁদের ১১০ থেকে ১২০ জন চিকিৎসক ও কর্মীর থাকা, খাওয়া এবং যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থা করতে বাধ্য করা হয়েছিল। সেই কারণে রিসর্টের সব কক্ষ প্রায় ৪০ দিন ধরে অন্য অতিথিদের জন্য বন্ধ রাখতে হয়। অভিযোগ, নির্ধারিত ভাড়া না মেলায় পর্যটনের মরসুমে রিসর্টের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, দিলীপ মণ্ডল ও সুমিত রিসর্ট মালিকের উপর চাপ সৃষ্টি করে স্থানীয় শিবির পরিচালনার জন্য অতিরিক্ত অর্থ আদায় করেন। টাকা না দিলে রিসর্টে ভাঙচুর এবং ব্যক্তিগত নিরাপত্তার ক্ষতির হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। রিসর্ট কর্তৃপক্ষের দাবি, ২০২৫ ও ২০২৬ সালে ‘সেবাশ্রয়’ এবং ‘সেবাশ্রয় ২’ কর্মসূচিকে ঘিরে তাঁদের মোট ২০ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

রিসর্টের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সমীরণ রায়। তাঁর অভিযোগ, অভিযুক্তরা সকলেই প্রভাবশালী হওয়ায় দীর্ঘদিন ভয়ের পরিবেশে কেউ মুখ খুলতে সাহস পাননি। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস পান। সেই অভিযোগের ভিত্তিতে তোলাবাজি এবং দুর্নীতিদমন আইনের একাধিক ধারায় অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজেপি ক্ষমতায় আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই মামলাগুলি করা হচ্ছে বলে আদালতে দাবি করেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই সঙ্গে তিনি আদালতের হস্তক্ষেপ ও সুরক্ষা চাইলেও আদালত স্পষ্ট জানিয়ে দেয়, সার্বিক বা সর্বাত্মক রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়।


Share