কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি কচ্ছপ, পাচারের অভিযোগে আটক এর চেন্নাইয়ের বাসিন্দা

উদ্ধার হওয়া কচ্ছপগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণে স্লাইডার কচ্ছপ বাজেয়াপ্ত করল এয়ার ইন্টেলিজেন্স ইউনিট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ১২:৩৯

কলকাতা বিমানবন্দর থেকে বিপুল পরিমাণে স্লাইডার কচ্ছপ বাজেয়াপ্ত করল এয়ার ইন্টেলিজেন্স ইউনিট। ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা বিমানবন্দরে অভিযান চালায় এআইইউ। সেখানে এক ব‍্যক্তির ব‍্যাগে গোয়েন্দারা তল্লাশি চালায়। সেখান থেকেই মোট ৭০৭ লাল চোখের স্লাইডার কচ্ছপ উদ্ধার করা হয়েছে।

অভিযোগ, ওই ব্যক্তির কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। যুবক চেন্নাইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। তিনি তাইল‍্যান্ডের ব‍্যাঙ্কক থেকে আসছিলেন। উদ্ধার হওয়া কচ্ছপগুলি কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কাস্টমসের এক আধিকারিক জানান, ধৃতের বিরুদ্ধে বনসম্পদ রক্ষা আইনের পাচারের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এ ছাড়াও, কাস্টমস এবং সিটি আইনের ধারা দেওয়া হয়েছে।

স্লাইডার কচ্ছপ মূলত আমেরিকার এবং দক্ষিণ মেক্সিকোতে পাওয়া যায়। এই পোষ‍্য তাইল‍্যান্ড থেকে ভারতে ঢোকে। তবে দেশে এই বিদেশি পোষ্য আনতে বা রাখতে গেলে সরকারের অনুমতি লাগে।

ছোট আকারের এই কচ্ছপ ভারতীয় বাজারে এক হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হয়। বড় আকারের দাম চার হাজার থেকে পাঁচ হাজার টাকাতেও বিক্রি হয়।


Share