Special Intensive Rivision

এসআইআর নথি যাচাইয়ে ওড়িশা এবং ঝাড়খন্ড থেকে আসছেন ২০০ বিচারবিভাগীয় আধিকারিক, ৬১ লক্ষের মধ্যে সাড়ে ছ’লক্ষের নিস্পত্তি শেষ, খবর সূত্রের

বর্তমানে এসআইআরের কাজে ৫৩২ জন বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করা হয়েছে। তার মধ্যে রাজ্যে ২৭৩ জন কাজ শুরু করতে পেরেছেন। এ বার আরও ২০০ জন এলে, একসঙ্গে ৭০০-র বেশি বিচারক কাজ শুরু করবে, তাতে কাজের গতি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১০:৫২

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রক্রিয়ায় তথ‍্যগত অসঙ্গতি এবং আনম‍্যাপড ভোটারদের নথি যাচাই করতে ভিন রাজ্য থেকে বিচারকদের আনা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের এমন ৫৩২ জন বিচারককে নথি পুনর্যাচাইয়ের কাজে নিযুক্ত করা হয়েছে। তবে, তাতেও কাজ সম্পূর্ণ হচ্ছে না। শীর্ষ আদালতের নির্দেশ মেনেই এ বার ভিনরাজ্য থেকে আসছেন বিচারকেরা।

হাই কোর্ট সূত্রের খবর, এসআইআর নথির নিষ্পত্তিতে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচারবিভাগীয় আধিকারিকেরা আসছেন। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি দুই রাজ্যের প্রধান বিচারপতিদের সঙ্গে কথা বলে ২০০ জনের তালিকা পেয়েছেন। কলকাতা হাই কোর্ট সূত্রে আরও জানা গিয়েছে, মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ার দায়িত্ব সামলাবেন।

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল, এসআইআর-এর নথির নিষ্পত্তিতে যদি প্রয়োজনে ঝাড়খণ্ড, ওড়িশা থেকে  বিচারবিভাগীয় আধিকারিকদের আনতে হবে। গত শুনানিতে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত এ-ও বলেন, এই সব রাজ‍্য এক সময়ে পশ্চিমবঙ্গের অখন্ড অংশ ছিল। তাই তাঁদের ভাষা বুঝতে তেমন কোনও সমস‍্যা হবে না। এ ছাড়াও, এসআইআরের কাজে রাজ‍্যের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করতে বাধ্য হয় দেশের শীর্ষ আদালত।

উল্লেখ্য, বর্তমানে এসআইআরের কাজে ৫৩২ জন বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করা হয়েছে। তার মধ্যে রাজ্যে ২৭৩ জন কাজ শুরু করতে পেরেছেন। এ বার আরও ২০০ জন এলে, একসঙ্গে ৭০০-র বেশি বিচারক কাজ শুরু করবে, তাতে কাজের গতি বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সেই কাজ দ্রুত শেষ করার কথা মাথায় রেখেই ভিন রাজ‍্য থেকে বিচারবিভাগীয় আধিকারিকদের আনা হচ্ছে।


Share