Suicide

ভুয়ো সেনাকর্মীর পরিচয়ে প্রেম, ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই তরুণী আত্মঘাতী, অভিযুক্তের খোঁজে পুলিশ

পরিবারের অভিযোগ, ভুয়ো সেনাকর্মীর পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, অভিযুক্ত যুবকের খোঁজ চলছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৯

সমাজমাধ্যমে পরিচয় হয়েছিল। তারপর প্রেমের প্রতিশ্রুতি। তার পরেই বিশ্বাসঘাতকতার অভিযোগ। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর লজ্জা ও মানসিক চাপে আত্মঘাতী হয়েছেন এক তরুণী। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়রে। মৃতার পরিবারের দাবি, পরিকল্পিত ভাবে ভুয়ো পরিচয় দিয়ে তাঁদের মেয়েকে ফাঁসানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে সমাজমাধ্যমে এক যুবক নিজেকে সেনাকর্মী পরিচয় দেয়। নাম ঋজু ঘোষ। তাঁর সাথেই তরুণীর আলাপ হয়। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠ সম্পর্কে পরিণত হয়। পরিবারের দাবি, একাধিক বার তাঁদের দেখা-সাক্ষাৎও হয়। তরুণী বাড়িতে জানিয়েছিলেন, ওই যুবককেই তিনি বিয়ে করতে চান। পরিবারের সদস্যেরাও ফোনে তাঁর সঙ্গে কথা বলেন। বিয়ের বিষয়ে প্রাথমিক আলোচনা এগোচ্ছিল। অভিযুক্তের নির্দিষ্ট একটি দিনে বাড়িতে এসে আনুষ্ঠানিক কথা বলার কথাও ছিল।

পরিবারের অভিযোগ, বিয়ের প্রসঙ্গ জোরালো হতেই আচমকা সমাজমাধ্যমে তরুণীর সঙ্গে ওই যুবকের ঘনিষ্ঠ ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়ে। গ্রামের পরিচিতদের মাধ্যমে সেই ভিডিয়ো পরিবারের কাছেও পৌঁছোয়। ঘটনার পর থেকেই মানসিক ভাবে তরুণী ভেঙে পড়েন। শনিবার সন্ধ্যায় তিনি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ফেলে। তারপর ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃতার এক আত্মীয়ের দাবি, ভুয়ো পরিচয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রেমের ফাঁদ পাতা হয়েছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলা এবং পরে সেই ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিয়ো ছড়িয়ে দেওয়া সবটাই পূর্বপরিকল্পিত বলেই তাঁদের দাবি। পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিয়োর উৎস এবং অভিযুক্তের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।


Share