TMC Leader Arrested

পুরুলিয়ায় টাকা ছিনতাই ও মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের দুই যুব নেতা

২০২১ সালের একটি ছিনতাই, মারধর ও প্রাণনাশের হুমকির মামলায় পুরুলিয়া সদর থানার পুলিশের হাতে গ্রেফতার হল তৃণমূলের দুই যুব নেতা। মঙ্গলবার তাঁদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।

ধৃত তৃণমূল নেতা।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৭:৪০

পুরুলিয়ায় টাকা ছিনতাই, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুই যুব নেতাকে গ্রেফতার করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন তুষার অবস্তি। তিনি জেলা তৃণমূল সভাপতি গৌরব সিংহ এবং জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত। অপর অভিযুক্তের নামও মামলায় রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় দিলীপ বাউড়ি নামে এক ব্যক্তি অভিযোগ করেন, অভিযুক্তরা তাঁর কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেন। তাঁকে মারধর করেন। অভিযোগে আরও দাবি করা হয়, ওই সময় তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।

এই ঘটনার ভিত্তিতে দায়ের হওয়া মামলার তদন্তে সোমবার রাতে অভিযুক্ত দুই যুব নেতাকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। তদন্ত চলাকালীন এই ঘটনায় জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।


Share