Attempted to Murder

পুরুলিয়ায় প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, গ্রেফতার স্বামী

চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, স্ত্রীয়ের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ অভিযুক্তকে লোহারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ১২:৩৬

পুরুলিয়ায় রাস্তায় স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।  পুরুলিয়া পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের মাহাতোপাড়ায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম বীরু লোহার। তাঁর বাড়ি ঝালদা থানা এলাকায়। সোমবার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল বীরু ও তাঁর স্ত্রী মৌসুমি লোহার মধ্যে। সেই অশান্তির জেরে কিছুদিন আগে মৌসুমি বাপের বাড়িতে চলে আসেন। তিনি স্থানীয় একটি আটা মিলে কাজ করছিলেন।

অভিযোগ, সোমবার দুপুরে আচমকাই ওই আটা মিলে তাঁর স্বামী পৌঁছে যান। সেখানে স্ত্রীর সঙ্গে তাঁর বচসা হয়। এর পর ছুরি দিয়ে তাঁকে আঘাত করতে শুরু করেন বলে অভিযোগ। গোটা ঘটনার ছবি এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

রক্তাক্ত অবস্থায় মৌসুমিকে উদ্ধার করে দ্রুত পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ অভিযুক্ত বীরু লোহারকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হবে।


Share