Road Accident

পরীক্ষাকেন্দ্রে পৌঁছোনোর আগেই মৃত্যু, বাঁকুড়ার জয়পুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী

বাঁকুড়ার জয়পুরে ইঞ্জিনভ্যানের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে জুয়েল শেখ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়, পথ অবরোধের পর পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৩

পরীক্ষা দিতে বেরিয়ে মৃত্যু পরীক্ষার্থীর। উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দিতে বেরিয়ে তাঁর পরীক্ষা কেন্দ্রে পৌঁছোনো হল না। পথ দুর্ঘটনায় অকালেই প্রাণ হারাল। বাঁকুড়া জেলার জয়পুর এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় স্থানীয় বাসিন্দারা শোক ও ক্ষোভে ফেটে পড়েন। কিছু সময়ের জন্য পথ অবরোধও করা হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মৃত ছাত্র জুয়েল শেখ, জয়পুর থানার বিক্রমপুর গ্রামের বাসিন্দা। সে জুজুড় হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে জয়পুর উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত ভূগোল পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে রওনা হয় জুয়েল। প্রসাদপুর স্কুল সংলগ্ন চৌমাথা মোড়ে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানের সঙ্গে তার বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ইঞ্জিন ভ্যানটি দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যায় জুয়েল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে জয়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা সাময়িকভাবে রাস্তা অবরোধ করেন।দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন।

জুজুড় হাই স্কুলের সহকারী শিক্ষক প্রবীর কর জানান, পরীক্ষা চলাকালীন ভারী যানবাহন নিয়ন্ত্রণের জন্য আগেই প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল। তাঁর কথায়, “একটি তরতাজা প্রাণ এভাবে ঝরে যাবে ভাবিনি। আমরা গভীরভাবে শোকাহত।” খবর পেয়ে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়। বর্তমানে এলাকায় যান চলাচল স্বাভাবিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Share