Nabanna

সরকারি কর্মীদের ডিএ মিলেছে, বঞ্চিত স্কুল-কলেজ ও পঞ্চায়েত কর্মীরা কারণ খুঁজতে বৈঠক নবান্নে

নবান্নের অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, যেসব দফতরের কর্মী এখনও বকেয়া ডিএ পাননি, তাদের এবং সংশ্লিষ্ট পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত হারে ডিএ দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ১২ মার্চ পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছিল।

নবান্ন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১১:১৪

সরকারি কর্মীদের ২০১৬ থেকে ২০১৯ সালের চার বছরের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ১০০ শতাংশ এককালীনভাবে ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। সেই ঘোষণা অনুযায়ী অধিকাংশ সরকারি কর্মী বকেয়া ডিএ পেলেও, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী, পাশাপাশি পুর ও পঞ্চায়েত দফতরের বহু কর্মী এখনও সেই টাকা পাননি। ফলে সংশ্লিষ্ট মহলে অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বুধবার বিষয়টি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন অর্থ দফতরের কর্তারা।

নবান্নের অর্থ দফতরের অডিট শাখা থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, যেসব দফতরের কর্মী এখনও বকেয়া ডিএ পাননি, তাদের এবং সংশ্লিষ্ট পেনশনভোগীদের প্রতি মাসে প্রকৃতপক্ষে কত হারে ডিএ দেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে ১২ মার্চ পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছিল। বুধবারের বৈঠকে সেই তথ্য সংগ্রহের অগ্রগতি খতিয়ে দেখা হবে।

বৈঠকে উচ্চশিক্ষা দফতর, স্কুলশিক্ষা দফতর, জনশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর, পুর ও নগরোন্নয়ন দফতর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর, পরিবহণ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের শীর্ষ আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দফতর আর্থিক উপদেষ্টাদেরও সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র। 


Share