Special Intensive Rivision

নন্দীগ্রামে বাড়ল ভোটার, ভবানীপুরে বড় কাটছাঁট, চূড়ান্ত তালিকায় বদলে গেল রাজনৈতিক সমীকরণ

গত বছরের ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী ভবানীপুরে ভোটারের সংখ্যা ছিল এক লক্ষ ৬১ হাজার ৫২৫। নতুন তালিকায় যুক্ত হয়েছেন ১৮ জন ভোটার, তবে খসড়া তালিকায় থাকা ২ হাজার ৩৪২ জনের নাম বাদ পড়েছে।

প্রতীকী চিত্র।
অরুণিমা কর্মকার, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৯

খসড়া তালিকার তুলনায় নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আপাতত বেড়েছে ভোটারের সংখ্যা। সেখানে খসড়া তালিকার চেয়ে ৭৭০ জন ভোটারের নাম বৃদ্ধি পেয়েছে। বিপরীতে, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কমেছে দু'হাজার ৩২৪ জন ভোটার। রাজ্য রাজনীতিতে এই দুই কেন্দ্র বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। ভবানীপুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র এবং নন্দীগ্রাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র।

শনিবার নির্বাচন কমিশন বিধানসভা কেন্দ্রভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকার তথ্য প্রকাশ করে। গত বছরের ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী ভবানীপুরে ভোটারের সংখ্যা ছিল ১ লক্ষ ৬১ হাজার ৫২৫। সেখানে নতুন তালিকায় যুক্ত হয়েছেন ১৮ জন ভোটার, তবে খসড়া তালিকায় থাকা ২ হাজার ৩৪২ জনের নাম বাদ পড়েছে। ফলে বর্তমানে ভবানীপুরের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ২০১।

অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত তালিকায় মোট ভোটারের সংখ্যা হয়েছে ২ লক্ষ ৬৮ হাজার ৩৭৮। ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকায় এই সংখ্যা ছিল দু'লক্ষ ৬৭ হাজার ৬০৮। চূড়ান্ত তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন এক হাজার ১৬৭ জন ভোটার এবং বাদ গিয়েছে ৩৯৭ জনের নাম।

উল্লেখ্য, গত ডিসেম্বরে প্রকাশিত খসড়া তালিকা থেকে ভবানীপুরে প্রায় ৪৪ হাজার এবং নন্দীগ্রামে প্রায় সাড়ে ১০ হাজার ভোটারের নাম বাদ পড়েছিল। চূড়ান্ত তালিকায়ও দুই কেন্দ্রেই কিছু নাম বাদ পড়েছে, পাশাপাশি যুক্ত হয়েছে নতুন ভোটারদের নাম, যাঁরা খসড়া তালিকায় ছিলেন না।

তবে এই চূড়ান্ত তালিকায় থাকা সকলের ভোটার হিসেবে বৈধতা এখনও নিশ্চিত নয়। যাঁদের নথি যাচাই সম্পূর্ণ হয়নি, অর্থাৎ যাঁদের তথ্য ‘অমীমাংসিত’ অবস্থায় রয়েছে, তাঁদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত তালিকা প্রকাশের পরই পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভবানীপুরে এখনও ১৪ হাজার ১৫৪ জন এবং নন্দীগ্রামে আট হাজার ৮১৯ জন ভোটারের তথ্য অমীমাংসিত রয়েছে।

প্রসঙ্গত, গত বছর ২৭ অক্টোবর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সে সময় রাজ্যে মোট ভোটার ছিল সাত কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। এনুমারেশন ফর্ম বিতরণ ও জমা নেওয়ার পর ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হয়, যেখানে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম বাদ গিয়ে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় সাত কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০। শনিবার প্রকাশিত অসম্পূর্ণ চূড়ান্ত তালিকা থেকেও আপাতত বাদ গিয়েছে পাঁচ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম।


Share