Police Recruitment

অবশেষে কাটল খরা, পুজোর আগেই ১২ হাজার কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে রাজ্য পুলিশ, সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন পিআরবি

পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান নীরজকুমার সিংহ বলেন, “কনস্টেবলের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আগে কিছু আইনি জটিলতা ছিল। সেই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে গোটা নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করা সম্ভব হবে।”

সাংবাদিক বৈঠকে পিআরবি-র চেয়ারম্যান নীরজকুমার সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১০:৪৩

কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গা পুজোর আগেই রাজ্য পুলিশে ১২ হাজার কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে পুলিশ নিয়োগ বোর্ড (পিআরবি)। অবশেষে খরা কাটিয়ে উঠতে চলেছে রাজ‍্য পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান নীরজকুমার সিংহ।

রাজ‍্য পুলিশের বক্তব্য, কড়া নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছে। দাবি, পুলিশ নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। সারা রাজ্যে প্রায় দু’হাজার ২০০ থেকে দু’হাজার ৩০০ পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। তা নিশ্চিত হওয়ার পরেই পরীক্ষার কেন্দ্র বেচে নেওয়া হয়। পরীক্ষার পর জেলা ট্রেজারিতে পরীক্ষার খাতা জমা রাখা হয়।

পুলিশ নিয়োগ বোর্ডের চেয়ারম্যান নীরজকুমার সিংহ বলেন, “কনস্টেবলের এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আগে কিছু আইনি জটিলতা ছিল। সেই জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। স্বচ্ছতা বজায় রেখে গোটা নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ করা সম্ভব হবে।”

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১৫ বছরের খরা কাটিয়ে রাজ্যের প্রতিটা ক্ষেত্রকে পুনর্নির্মান করার চেষ্টা করছেন। তার মধ্যে পুলিশ বিভাগকেও ঢেলে সাজানোর প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তবে রাজ্যে পালাবদলের পর এটাই প্রথম পুলিশের নীচু স্তরের নিয়োগ। চেয়ারম‍্যান নীরজকুমার সিংহ জানিয়েছেন, প্রথম দফায় রাজ্য পুলিশে ১২ হাজার নিয়োগ হলেও পরবর্তীতে আরও নিয়োগের সম্ভাবনা রয়েছে। তার পরবর্তীতে পাঁচ থেকে ছ’মাসের মধ্যে ১৭ হাজার ১৪৩ জনের নিয়োগ পক্রিয়া ফের করা হবে।

তিনি আরও জানিয়েছেন, শুধু লিখিত নয়, একাধিক পরীক্ষার সম্মুখীন পরীক্ষার্থীদের হতে হয়। তাই এ ক্ষেত্রে দুর্নীতির সম্ভাবনা কম বলেই মনে করেন পিআরবির চেয়ারম্যান নীরজকুমার সিংহ। তিনি বলেন, “যাতে কারোও কোনও রকম সন্দেহ না থাকে নিয়োগে সব রকম প্রযুক্তি ব্যবাহর করা হয়। কেউ খাতা দেখতে চেয়ে চ্যালেঞ্জও করতে পারেন। বোর্ড তাঁদের সেই সুযোগ করে দেয়। এমনকী, দৌড় পরীক্ষার সময় মাথার টুপিতে ‘ক্যাপ ক্যামেরা’ থাকে যাতে প্রতিটা মুহূর্তের ছবি  রেকর্ডে থাকে।”

কর্মী অভাবে ভুগছে রাজ‍্য পুলিশ। এক দিকে পুলিশকর্মীরা যেমন অবসর নিচ্ছেন অন‍্য দিকে নিয়োগ বন্ধ রয়েছে। তৃণমূল জমানার অবসান ঘটিয়ে বিজেপি রাজ‍্যের ক্ষমতা দখল করেছে। তাঁদের নির্বাচনী ঘোষণাপত্রেও পুলিশে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। পুজোর আগে ১২ হাজার নিয়োগ হলে বাহিনীর শক্তি বাড়বে বলেই মনে করছে ভবানী ভবনের কর্তারা।


Share