Special Intensive Revision

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার আগেই হুগলিতে এসআইআর বিরোধী মিছিল! ‘বিজেপিকে হারাব’ দাবি বিধায়ক অসিতের

বিধায়ক অসিত মজুমদারের আরও দাবি, “কেন্দ্রীয় বাহিনী অনেক দেখেছি। মানুষের রায়, আন্দোলনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বন্ধ করা যায় না। কোনও দেশে এমনটা হয় না। তৃনমূল জিতবে।”

বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হুগলিতে তৃণমূলের মিছিল।
নিজস্ব সংবাদদাতা, চুঁচুড়া
  • শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০

শনিবার প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগেই হুগলির চুঁচুড়াতে এসআইআর বিরোধী মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস। সেখানে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে মিছিল শুরু হয়েছে। বিধায়কের দাবি, আসন্ন নির্বাচনে তৃণমূল ২৫০টির বেশি আসনে জয়ী হবে।

এ দিন মিছিল থেকে বিধায়ক অসিত মজুমদার দাবি করে বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল ২৫০টি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। তিনি বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব আমাদের যেটা বলবেন, আমরা রাস্তায় নেমে সেটাই করব। রাস্তায় মানুষ আছে। জনগণ আছে। এসআইআর-এর বিরুদ্ধে সর্বতভাবে লড়াই হবে।”অসিত এ-ও দাবি করেন, শুধু তৃনমূল নয়, “সাধারন মানুষও নাকি এসআইআর-এর বিরুদ্ধে রাস্তায় নেমে পরেছে। তিনি বলেন, সাধারণ মানুষের মিছিলে তৃনমূল নেতৃত্ব দিচ্ছে। এই জনজোয়ার জানান দিচ্ছে ২৫০ আসন পার করে দেবে এবার তৃনমূল।”

শনিবার সকালে সাহাগঞ্জ থেকে মিছিল শুরু হয়। চকবাজার, পিপুলপাতি হয়ে ঘড়ির মোর পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার রাস্তায় পায়ে হেঁটে পা মেলান তৃণমূল কর্মীরা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই মিছিল হয়। বিধায়ক অসিত ছাড়াও এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি প্রিয়াঙ্কা অধিকারী, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসুমী চট্টোপাধ্যায়। তৃণমূলের দাবি, এই মিছিলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রায় ২০০ জন কর্মী। বিধায়ক অসিত মজুমদারের আরও দাবি, “কেন্দ্রীয় বাহিনী অনেক দেখেছি। মানুষের রায়, আন্দোলনকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে বন্ধ করা যায় না। কোনও দেশে এমনটা হয় না। তৃনমূল জিতবে।”

শনিবার এসআইআর-এর তালিকা প্রকাশ হবে। তার আগেই রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আইনশৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের সুপার তাঁদের ব‍্যবহার করতে পারেন তা আগেই জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব যে রাজ্য পুলিশের তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি।

চুঁচুড়া বিধানসভা এবং পার্শবর্তী সপ্তগ্রাম বিধানসভা থেকে তৃনমূল কর্মীরা মিছিলে যোগ দিয়েছেন। এই মিছিলে দেখা গেল না প্রাক্তন চেয়ারম্যান-সহ চুঁচুড়া পুরসভার বেশ কয়েক জন কাউন্সিলরকে।


Share