Annapurna Yojna

‘ধমক চমক দিয়ে লাভ হবে না’ অন্নপূর্ণা-বিক্ষোভের নেপথ্যে রয়েছে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে বিরোধী দলকে নিশানা মুখ্যমন্ত্রীর

শনিবার সন্ধ্যায় ভবানীপুরের একটি সভায় যোগ দিয়েছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন, সম্প্রতি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দিকে দিকে যে বিক্ষোভ হয়েছে, তা তৃণমূল সংঘটিত করেছে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ১১:৫৫

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বৃহস্পতিবার এবং শুক্রবার দিকে দিকে বিক্ষোভ হয়েছে। মেদিনীপুরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার ভবানীপুরের একটি সভা থেকে অভিযোগ করেন, এই বিক্ষোভ করানোর নেপথ্যে রয়েছে তৃণমূল। বলেন, ‘ধমক চমক’ দিয়ে কোনও লাভ হবে না।

শনিবার সন্ধ্যায় ভবানীপুরের একটি সভায় যোগ দিয়েছিলেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন, সম্প্রতি অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দিকে দিকে যে বিক্ষোভ হয়েছে, তা তৃণমূল সংঘটিত করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, “ধমক-চমক দিয়ে, রিল বানিয়ে, আর মিডিয়া ট্রায়াল করে, ২০ জন লোককে রাস্তায় নামিয়ে হেরে যাওয়া তৃণমূল, খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়া… আপনাদের এ সব কোনও বুদ্ধি চলবে না।”

অন্নপূর্ণা যোজনা নিয়ে সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রীর জানান, একাংশ সমাজমাধ্যমে ‘বড় বড় কথা’ বলছেন। তা দেখে সাধারণ মহিলাদের বিচলিত না হওয়ার পরামর্শ দেন। তৃণমূল পরিচালিত সরকারের কথা স্মরণ করিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “২০২১ সালে মাত্র ৫০০ টাকা দিতে কত দিন লাগিয়ে দিয়েছিল? ২০২৪ সালে লোকসভা ভোটের দু’মাস আগে তা এক হাজার টাকা হয়েছিল। বিধানসভা ভোটের তিন মাস আগে তা দেড় হাজার টাকা হয়েছিল।”

ভবানীপুরের বিধায়কের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে বেছে বেছে বিজেপি কর্মী-সমর্থকদের বঞ্চিত করা হয়েছিল। ২০১৯ সালে যে সব এলাকায় বিজেপি জিতেছিল, সেখানকার মহিলাদের বঞ্চিত করা হয়েছে। এ অবস্থায় মুখ্যমন্ত্রীর আশ্বাস, “যাঁরা বিজেপি করার জন্য বিগত সরকারের আমলে বঞ্চিত হয়েছেন, এই সরকার তাঁদের অগ্রাধিকার দেবে। যাঁরা আর্থিক ভাবে দুর্বল, তাঁদের অগ্রাধিকার দেবে।”

গত বৃহস্পতিবার এবং শুক্রবার অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজের দিকে দিকে বিক্ষোভ হয়েছে। রাস্তা অবরোধ মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। আবার কোথাও রেল অবরোধ করা হয়েছিল। নদিয়ার করিমপুরে ব্লক অফিসে কয়েক জন মহিলা ভাঙচুর চালান বলেও অভিযোগ ওঠে। এমনকী, রাজ‍্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের জেরে বৈঠক ছেড়ে বেরিয়ে যান।

শুক্রবার অগ্নিমিত্রা অভিযোগ করেছিলেন, তৃণমূল চলে গিয়েছে। তার পরেও তৃণমূলের সমর্থকেরা দফতরের মধ্যে বসে ইচ্ছাকৃত ভাবে যোগ‍্যদের নাম কেটে দিচ্ছে। তাঁর সুরেই এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “ওই ২০-২৫ বা ৫০ জনকে জড়ো করে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে লেকচার দিলে… শুভেন্দু অধিকারী মাথা নত করার লোক নয়।”

শনিবার মুখ্যমন্ত্রী আরও জানান, জুন মাসে অন্নপূর্ণা যোজনার ২৮ লক্ষ ছিল। জুলাই মাসে তা বেড়ে এক কোটি ১৯ লক্ষ হল। অগস্ট মাসে তা বৃদ্ধি পেয়ে এক কোটি ৪৫ লক্ষ হয়েছে। যদি আরও ২০-৩০ লক্ষ মানুষ যদি এই ভাতা পাওয়ার যোগ‍্য দাবিদার হন তা হলে রাজ‍্য সরকার তাঁদের সাহায্য করবে।


Share