Suvendu Adhikari

শনিবার থেকে জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী, ডায়মন্ড হারবার দিয়ে শুরু করবেন শুভেন্দু অধিকারী

জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও বৈঠকে উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ বৈঠক হবে। ডায়মন্ড হারবারের মানুষের জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১০:১৫

শনিবার থেকে জেলা সফর শুরু করছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন তিনি যাবেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে। পরে একটি কর্মীসভাতেও যোগ দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর, সকাল ১০টার পরে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ একাধিক শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন। পাশাপাশি জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও উপস্থিত থাকবেন। তাঁদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ বৈঠক হবে। ডায়মন্ড হারবারের মানুষের জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। শপথ নিয়েই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমস্ত কর্তাদের প্রভাবমুক্ত হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কাজে কেউ বাধা দেবে না বলেও বার্তা দিয়েছেন রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই এই বৈঠকেও আলাদা করে জেলা প্রশাসনকে মনে করিয়ে দিতে পারেন তিনি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ওই দিন কিছু শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নয়নের নিয়েও কথা হতে বলেও জানা গিয়েছে। পরে একটি কর্মীসভা করতে পারেন বলেও সূত্রের খবর।

২০১৪ সাল থেকে টানা তিন বার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে ৭ লক্ষ ১১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন। কিন্তু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে। তার ওপর ব‍্যপক অনিয়মের জন‍্য ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন বাতিল হয়ে গিয়েছে। এই ফলতা থেকেই অভিষেক গত লোকসভা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছিলেন। সেখানে কোনও বুথে ইভিএমে সেলোটেপ, আবার কোথাও সিসি ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত ‘ডায়মন্ড হারবার মডেল’ বেআব্রু হয়েছে।

বিধানসভা নির্বাচনের ডায়মন্ড হারবার লোকসভায় বেশ কিছু আসনে জয়লাভ করেছে বিজেপি। আগামী ২১ মে ফলতায় নির্বাচন রয়েছে। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। নির্বাচনের আগে ভোটারদের প্রভাবিত করা, ভোট দিতে না যাওয়ার মতো হুমকি দিচ্ছিল জাহাঙ্গিরের দলবল— এমনই অভিযোগ উঠেছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদল হয়েছে। বিজেপি ক্ষমতায় এসেছে। সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন দেবাংশু পান্ডা। তাই ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এলে পরিস্থিতি তার পক্ষে যাওয়ায়ই সম্ভাবনা রয়েছে বলে মনে করেছে রাজনৈতিক মহল।


Share