Death of TMC Workers

নিছকই আত্মহত্যা নাকি খুন! নির্বাচনের মুখে নন্দীগ্রামের এক তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে তৈরী হয়েছে ধোঁয়াশা, তদন্তে পুলিশ

দ্রুত তাকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেই হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৩:০৩

সামনেই বিধানসভা নির্বাচন। এ আবহেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম-১ ব্লকের ভেকুটিয়া অঞ্চলের জেলেমারা এলাকায়। মৃত সক্রিয় তৃণমূল কর্মীর নাম ফড়িং দাস (৫১)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মৃত্যুর কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ জেলমারা এলাকায় নিজের বাড়ির কিছুটা দূরেই স্থানীয়রা তাঁকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরেই হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পাওয়া মাত্রই নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করে দেখছে পুলিশ। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী জানান, "প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে কি না, তা বিস্তারিত তদন্তের পর পরিষ্কার হবে।"

এটি নিছকই আত্মহত্যা নাকি এর পেছনে কোনো রাজনৈতিক চাপ বা পারিবারিক বিবাদ রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক মহলে।


Share