RG Kar Case

আরজি কর, সন্দেশখালি-সহ রাজ্যের নারী নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা, কমিশন গঠনের ঘোষণা শুভেন্দু অধিকারীর

শুভেন্দু বলেন, ‘‘চার্জশিট প্রকাশের দিন শাহ দু’টি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে। সন্দেশখালি থেকে আরজি কর হয়ে যত জায়গায় মা-বোন-কন্যাদের অত্যাচার করা হয়েছে, তা নিয়ে কমিশন বসবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’

রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০১:৪৫

আরজি কর কাণ্ড নিয়ে বরাবরই সরব ছিলেন শুভেন্দু অধিকারী। পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক বার সরব হওয়ার পর, এ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পরই তিনি জানিয়ে দিলেন ওই ঘটনায় নতুন করে কমিশন গঠন করা হবে। শুধু আরজি কর নয়, সন্দেশখালি-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগগুলিও খতিয়ে দেখা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ‘চার্জশিট’-এ এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই বিষয়ই পুনরায় উল্লেখ করেন শুভেন্দু।

শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের বৈঠকে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করেন অমিত শাহ। এরপর প্রথম ভাষণে শুভেন্দু বলেন, ‘‘চার্জশিট প্রকাশের দিন শাহ দু’টি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলার মানুষকে। সন্দেশখালি থেকে আরজি কর হয়ে যত জায়গায় মা-বোন-কন্যাদের অত্যাচার করা হয়েছে, তা নিয়ে কমিশন বসবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’

গত মার্চে রাজ্যে এসে বিজেপির তরফে প্রকাশিত ‘জনতার চার্জশিট’-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনকালকে বিভিন্ন ইস্যুতে আক্রমণ করা হয়েছিল। মহিলা নিরাপত্তার প্রসঙ্গে সেখানে আরজি কর, সন্দেশখালি এবং কসবা ল কলেজের ঘটনার উল্লেখ ছিল। সেই অভিযোগগুলির তদন্ত ও পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়েছিল।

আরজি কর-কাণ্ডের সময় শুভেন্দু জাতীয় পতাকা হাতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘‘নির্যাতিতার বাবাকে মিছিলে হাঁটতে হবে না। তিনি শুধু এক বার ডাক দিন, যে নবান্ন অভিযান হবে। তার পর বাকিটা আমরা করে নেব।’’ যদিও সেই নবান্ন অভিযান মাঝপথেই আটকে দেয় পুলিশ। অভিযোগ ওঠে, ধস্তাধস্তিতে আহত হন নির্যাতিতার মা-ও। বিধানসভা চত্বরেও ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিলেন শুভেন্দু।

বিধানসভা নির্বাচনের আগে নির্যাতিতার মা বিজেপিতে যোগ দেন এবং পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হন। প্রচারের সময় তিনি বলেছিলেন, ‘‘আমি মেয়ের বিচার চাই, নারীদের সুরক্ষা চাই, কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা চাই। আমাদের মনে হয়েছে, এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি-ই ক্ষমতায় আসতে পারে। তাই আমরা বিজেপিতেই যোগ দিয়েছি। আমার মনে হয়েছে, আমার মেয়ের জন্য ন্যায় পেতে হলে বিজেপির সঙ্গেই থাকা দরকার।’’ নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং শুভেন্দু বার বার আরজি করের ঘটনা তুলে ধরে তৃণমূল সরকারকে আক্রমণ করেন। নির্বাচনে জয়ী হওয়ার পর এ বার শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিলেন  আরজি কর কাণ্ড-সহ মহিলা নির্যাতনের সমস্ত অভিযোগের তদন্তে কমিশন গঠন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Share