Suvendu Adhikari

‘আপনার মস্তিষ্কে মার্ক্স, হৃদয়ে লেনিন,’ সোরাহওয়ার্দি প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রতের ‘পুরনো’ পরিচয় স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

মঙ্গলবার বাজেট নিয়ে আলোচনার জন্য বিরোধীদের সুযোগ দেওয়া হয়েছিল। সম্প্রতি পার্ক সার্কাসে কাছে সোরাহওয়ার্দি অ‍্যাভেনিউয়ের নাম বদল করে গোপাল মুখার্জি রোড করেছে কলকাতা পুরসভা। রাজ‍্য সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

(বাঁ দিক থেকে) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১১:২৭

আপনার মস্তিষ্কে রয়েছে কার্ল মার্ক্স। আপনার হৃদয়ে রয়েছে লেনিন, মাও জে দং। সোরাহওয়ার্দি অ‍্যাভেনিউয়ের নাম পরিবর্তন করা নিয়ে আপত্তি তুললেন রাজ‍্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রতের বক্তব্য, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। এমন বক্তব্যের পরেই সিপিএম থেকে তৃণমূলে আসা আপাদমস্তক কমিউনিস্ট নেতাকে নিজের পরিচয় স্মরণ করিয়ে রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, সোরাহওয়ার্দির নামে কলকাতার কোনও রাস্তা থাকবে না। মুঘল-পাঠান শাসকদের নামেও কোনও রাস্তা রাখা হবে না।

মঙ্গলবার বাজেট নিয়ে আলোচনার জন্য বিরোধীদের সুযোগ দেওয়া হয়েছিল। সম্প্রতি পার্ক সার্কাসে কাছে সোরাহওয়ার্দি অ‍্যাভেনিউয়ের নাম বদল করে গোপাল মুখার্জি রোড করেছে কলকাতা পুরসভা। রাজ‍্য সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই রাস্তার নামকরণ হোসেন শহিদ সোরাহওয়ার্দির নামে হয়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসান সোরাহওয়ার্দির নামেও হয়নি। ঋতব্রতের দাবি, তিনি ইতিহাসের ছাত্র। তিনি কলকাতা পুরসভার রেকর্ড ঘেঁটে দেখেছেন। তিনি জানতে পেরেছেন, তাঁদের বাবা মৌলানা সোরাহওয়ার্দির নামে ওই রাস্তার করা হয়েছিল। এর পরেই কোথা থেকে শাহ জালালের প্রসঙ্গ টেনে আনেন তিনি। হৈচৈ শুরু হয়ে যায়। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই উঠে জানিয়ে দেন, “আপনি যার নাম করছেন, তিনি মহান ব‍্যক্তি হতে পারেন। কিন্তু তিনি বাংলাদেশের। তাই এখানে তাঁকে নিয়ে আলোচনা করা যায় না। এটা সম্পূর্ণ বিধানসভার ‘বিজনেস রুলস’-এর বাইরে।”

এর পরেই রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। তিনি সিপিএম থেকে তৃণমূলে আসা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “আরে বিরোধী দলনেতা, আপনি বক্তৃতায় সোরাহওয়ার্দি থেকে শাহ জালাল নিয়ে বলছেন। এটা তো আপনার কাছে পশ্চিমবঙ্গবাসী আশা করে না।” মুখ্যমন্ত্রীর তাঁর প্রশ্নের উত্তরে বলেন, “স্বাধীনতা সংগ্রামী বীণা দাস তৎকালীন বাংলার রাজ্যপাল স্টানলি জ‍্যাকশনকে পাঁটি গুলি চালিয়েছিল। এই তৎকালীন উপাচার্য হাসান সোরাহওয়ার্দি তাঁকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দিয়েছিল। তার জন‍্য নাইট উপাধি পেয়েছিল। তাই সোরাবওয়ার্দির নাম থাকবে না।”

এর পরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতার মতো আপনি বক্তব্য দেননি। আপনার তখন মস্তিষ্কে কার্ল মার্ক্স আর হৃদয়ে লেনিন অথবা মাও জে দং কাজ করছিল। আপনার আজকের বক্তৃতা ছিল কমিউনিস্ট আন্দোলনের মতো। যারা একটা সময় বলেছিল নেতাজিকে 'তোজোর কুকুর' আর রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বুর্জোয়া কবি' বলেছিল। তাঁদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি আমাদের রাজ‍্যের ঐতিহ্য, সংস্কৃতি, গৌরবকে এ ভাবে মুছে ফেলতে পারেন না।”

মুখ‍্যমন্ত্রী স্পষ্ট জানান, এ পি জে আব্দুল কালামের মতো কোনও ব‍্যক্তির নাম থাকতে পারে। সোরাহওয়ার্দির নাম কোনও ভাবেই থাকবে না। এর পরেই মুখ্যমন্ত্রী একটি কমিটি তৈরি করার কথা ঘোষণা করেন। এই কমিটির নেতৃত্ব দেবেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। যাঁর যা প্রস্তাব রয়েছে, সেখানে তাঁরা জমা দিতে পারেন। এই কমিটিই মূল‍্যায়ণ করে দেখবে।

এ দিনের অধিবেশনে শেখ হাসিনার পরবর্তী সময়ে বাংলাদেশে হিংসার প্রেক্ষিতেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেন, “বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হয়েছে। তা নিয়ে কেন বললেন না? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত হয়েছে, বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট!”

মুখ‍্যমন্ত্রী এ-ও জানান, কলকাতাতে মুঘল-পাঠানের নাম থাকবে না। ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’, নোয়াখালীর দাঙ্গার সঙ্গে জড়িত থাকার কোনও ব‍্যক্তির নাম থাকবে না। বিদেশী— ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে পাঁচবার ভাবতে হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। কলকাতায় লেনিন সরণির, কার্ল মার্ক্স সরণি, হো চি মিন সরণি রয়েছে। তাহলে কী এই নামগুলিরও পরিবর্তন আসতে চলেছে, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা শহর। যাঁদের পশ্চিমবঙ্গের সংস্কৃতির সঙ্গে কোনও মিল বা যোগাযোগ নেই তাঁদের নামে কেন রাস্তা থাকবে তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সমর্থনও জানাচ্ছেন।


Share