Special Intensive Revision

৬০ লক্ষ ভোটারে ভাগ‍্য নির্ধারণ করবেন বিচারকেরা, শীর্ষে মুর্শিদাবাদ, পরেই রয়েছে দুই ২৪ পরগনা, শুরু হয়ে গিয়েছে কাজ

সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে যাবতীয় জটিলতা এবং বিচারবিভাগীয় আধিকারিকদের প্রশ্নের উত্তর দিতেই এই বৈঠক ডাকা হয়েছিল।

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৫

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকা প্রকাশ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। সেই কাজে লক্ষ‍াধিক ভোটারের নথির নিস্পতি করা সম্ভব হয়নি। সবচেয়ে বেশি এমন নথি রয়েছে মুর্শিদাবাদে। তার পরেই রয়েছে দুই ২৪ পরগনার স্থান। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই সমস্ত নথি নিস্পতি করবেন।

আগে জানা গিয়েছিল প্রায় ৪৫ লক্ষ ভোটার নথি নিস্পতি নিয়ে মতের অমিল হচ্ছিল। এ বার জানা গিয়েছে, সংখ‍্যাটা প্রায় ৬০ লক্ষ ভোটার। তাঁদেরই নথি নিস্পত্তি করবে বিচারবিভাগীয় আধিকারিকেরা। ইতিমধ্যেই ৬০ লক্ষ ভোটারের তথ্য হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিকেল ৪টে থেকে প্রায় দেড়ঘন্টা বৈঠক করেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল‍। কমিশন সূত্রের খবর, ৬০ লক্ষের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুর্শিদাবাদে। তার পরে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।

জানা গিয়েছে, বিচারবিভাগীয় আধিকারিকদের জন‍্য পোর্টালে আলাদা লগইন করার ব‍্যবস্থা করা হয়েছে।তাঁরা তাঁদের ফোন নম্বর দিয়ে লগইন করবেন। তার পরে ফোনে ওটিপি আসবে। এর পরেই নথি যাচাইয়ের কাজ শুরু করবেন। সোমবার বিকেলে পোর্টালে এই সংক্রান্ত ট্রেনিং হয়। তবে ওটিপি নিয়ে সমস‍্য হচ্ছিল। সেই সমস‍্যা সমাধান হয়ে গিয়েছে। তাঁরা কাজ শুরু করে দিয়েছেন। যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছেন।

জানা গিয়েছে, যে সমস্ত ভোটারের নথি বিচারবিভাগীয় আধিকারিকেরা যাচাই করছেন, তার ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’ রাখা হচ্ছে। যে বিধানসভা কেন্দ্রে যে আধিকারিক রয়েছেন, তাঁদের নাম কম্পিউটারে প্রথমেই লেখা থাকবে। বিচারবিভাগীয় আধিকারিকেরা পোর্টালে ঢুকে প্রথমে বিধানসভা নির্বাচন করবেন। তার পরেই ৩০০টি বুথের নথি তাঁদের সামনে চলে আসবে। এর পরে প্রতিটি বুথভিত্তিক নথি স্ক্রল করে দেখবেন। এর পাশাপাশি ইআরও বা এইআরও সেই সমস্ত নথি গ্রহণ করেছিলেন না বিয়োজন করেছিল তা-ও দেখতে পারবেন।

এ ছাড়াও, ওই বিচারবিভাগীয় আধিকারিকের যদি মনে হয় সংশ্লিষ্ট ভোটার তালিকায় থাকার যোগ্য নয়, তাহলে কেন নয় তার কারণ জানতে হবে। সিস্টেমে তার জন্য ১ হাজার শব্দ লেখার একটি ‘কমেন্ট বক্স’ রাখা হয়েছে। সেখানেই তিনি স্পষ্ট জানিয়ে দেবেন। এর পাশাপাশি প্রতিটি কেন্দ্রের ভিতরে এবং বাইরে সিসি ক্যামেরা থাকবে।

এসআইআর প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথ ভাবে মানা হচ্ছে কি না, তা নজরদারির জন্য প্রধান বিচারপতি সুজয় পাল প্রতিটি জেলায় একটি করে মনিটরিং কমিটি গঠন করেছেন। সংশ্লিষ্ট জেলার জেলা বিচারক, জেলাশাসক ও পুলিশ সুপারকে ওই কমিটিতে রাখা হয়েছে। প্রতিটি জেলায় এই কমিটি গঠন করে নির্দেশ বাস্তবায়ন নিশ্চিত করার কথাও জানানো হয়েছে।


Share