Goutam Deb

নির্ঘণ্টের আগেই দেওয়ালে নাম! শিলিগুড়িতে আগাম প্রচারে গৌতম দেব, কটাক্ষ শঙ্কর ঘোষের

বুধবার শিলিগুড়িতে হাতে তুলি নিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নাম লেখেন তিনি। বিষয়টি ঘিরে কটাক্ষ ছুড়েছে বিজেপি।

গৌতম দেব-এর দেওয়াল লিখন
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:১৬

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, কোনও রাজনৈতিক দলই প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তার মধ্যেই শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব নিজের নামে দেওয়াল লিখন শুরু করেছেন। বুধবার শিলিগুড়িতে হাতে তুলি নিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের নাম লেখেন তিনি। বিষয়টি ঘিরে কটাক্ষ ছুড়েছে বিজেপি।

সপ্তাহখানেক আগে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় এক সরকারি অনুষ্ঠানে গৌতম জানিয়েছিলেন, তিনি ওই কেন্দ্র থেকে আর প্রার্থী হবেন না। বরং শিলিগুড়ি কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ইঙ্গিত দেন। বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য ভোটারদেরই দায়ী করে তাঁর সেই মন্তব্য ঘিরে জেলা তৃণমূলের অন্দরেই চাপানউতর শুরু হয়। তার পরেই নিজের নামে দেওয়াল লিখন করে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী কার্যত নির্বাচনী ময়দানে নেমে পড়লেন।
শিলিগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডে মেয়রের বাড়ির আশপাশের একাধিক দেওয়ালে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে গৌতমের নাম লেখা হয়েছে। তাঁর অনুগামীদের দাবি, আগাম প্রচারের মাধ্যমেই দলকে এগিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ির পাশাপাশি শিলিগুড়ি কেন্দ্রেও তৃণমূল পরাজিত হয়েছিল। তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে প্রায় ৬০ হাজার ভোটে পরাজিত করেন সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কর ঘোষ।
এ বারও বিজেপি শঙ্কর ঘোষকেই প্রার্থী করতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা থাকলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

গৌতমের দেওয়াল লিখন প্রসঙ্গে শঙ্করের কটাক্ষ, ‘‘নিজেই নিজের নাম বলে দিচ্ছেন। নিজেই দেওয়ালে নাম লিখছেন। আসলে লোক খুঁজে পাচ্ছে না উনি।’’ তিনি আরও বলেন, ‘‘পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দলের আগে বিজেপি প্রচার শুরু করেছে। তবে আগ বাড়িয়ে কেউ এমন কাজ করছেন না। এমনিতে শহরে (শিলিগুড়ি) যা চলছে, তাতে এই অদক্ষ মেয়রের ন্যূন্যতম বিবেক থাকলে তিনি পদত্যাগ করতেন।’’

অন্য দিকে, গৌতম দেবের বক্তব্য, ‘‘যদি দল প্রার্থী করে তা-হলে আমার নাম লেখা হবে। আমরা নির্বাচনী লড়াইয়ে খানিকটা এগিয়ে থাকতে চাই। দল যখন নাম ঘোষণা করবে, তখন নাম-সহ পোস্টার পড়বে। কিন্তু প্রার্থী হই বা না-হই, দলের কাজ করতে দলকে এগিয়ে রাখতেই দেওয়াল লিখন।’’


Share