Special Intensive Rivision

বাচ্চাদের হাতে চকোলেট তুলে দেওয়ায় ছেলেধরা সন্দেহে মাইক্রো অবর্জাভারদের গণপিটুনি, উদ্ধার করল পুলিশ, আটক বেশ কয়েক জন

জানা গিয়েছে, ছেলেধরা সন্দেহে আটকে রাখা দুই মাইক্রো অবর্জাভাররা হলেন কৌশিক হাঁসদা এবং শমীক হাজরা। কৌশিকের বাড়ি দুর্গাপুরে এবং শমীকের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। এসআইআর-এর শুনানির কাজের জন্য এক মাসের বেশি তাঁরা নয়াগ্রামের খড়িকামাতানি মার্কেট কমপ্লেক্সের গেস্ট হাউসে রয়েছেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম
  • শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৬

সারা রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে নিযুক্ত হয়েছেন মাইক্রো অবর্জাভারেরা। তাঁরা কাজের ফাঁকে ভালোবাসার টানে বাচ্চাদের হাতে দিচ্ছিলেন চকোলেট। কিন্তু ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেওয়া হল দু’জন মাইক্রো অবর্জাভারকে। বুধবার এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম সীমানা লাগোয়া পাশের রাজ্য ওডিশার বালেশ্বরে রায়বোনিয়া থানার রাজনগর গ্রামে। এই ঘটনায় শুধুমাত্র দুই মাইক্রো অবর্জাভারকে মারধর নয়, তাদের আটকেও রাখা হয়। খবর পেয়ে ঝাড়গ্রাম জেলা পুলিশের হস্তক্ষেপে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পরে ঘেরাও মুক্ত করে রাজনগর গ্রাম থেকে ওই দুই মাইক্রো অবজার্ভারকে উদ্ধার করা হয়।

জানা গিয়েছে, ছেলেধরা সন্দেহে আটকে রাখা দুই মাইক্রো অবর্জাভাররা হলেন কৌশিক হাঁসদা এবং শমীক হাজরা। কৌশিকের বাড়ি দুর্গাপুরে এবং শমীকের বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। এসআইআর-এর শুনানির কাজের জন্য এক মাসের বেশি তাঁরা নয়াগ্রামের খড়িকামাতানি মার্কেট কমপ্লেক্সের গেস্ট হাউসে রয়েছেন।

পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে টোটোতে করে কৌশিক এবং শমীক নয়াগ্রাম থানা এলাকার বাংলা-ওডিশা সীমানায় চুনখু্লিয়া হয়ে ওডিশার তিন কিলোমিটার ভিতরে রাজনগর গ্রামে ঘুরতে যান। সেখানেই গ্রামের কিছু বাচ্চাদের দেখে তাদের হাতে চকোলেট তুলে দেন। সেই সময় গ্রামবাসীরা তাঁদের ছেলেধরা সন্দেহে আটক করে৷ পাশাপাশি তাঁরা মারধরও শুরু করে। বিষয়টি নয়গ্রাম ব্লক প্রশাসন জানার পর জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। জেলা প্রশাসন রাজ্যকে জানালে ওডিশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দুই মাইক্রো অবজার্ভারকে উদ্ধার করা হয়।

নয়াগ্রামের বিডিও শান্তনু সরকার বলেন, ‘এসআইআর-এ কর্মরত দুই মাইক্রো অবজার্ভার রাজ্যের সীমানা সংলগ্ন ওডিশার তিন কিলোমিটার ভিতরে বেড়াতে গিয়ে সেখানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করার পর নয়গ্রামে নিয়ে আসা হয়েছে।’


Share