Mamata Banerjee

ধর্মতলায় নিষেধাজ্ঞার আবহে ২১ জুলাই কর্মসূচি অনিশ্চিত! পুলিশের নীরবতার অভিযোগ তুলে হাই কোর্টের দ্বারস্থ মমতাপন্থী তৃণমূল

এই পরিস্থিতিতে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ০৫:৩৬

ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ আয়োজনের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রশাসনের অবস্থান থেকে অনুমতির সম্ভাবনা ক্ষীণ বলেই ইঙ্গিত মিলছে। এই পরিস্থিতিতে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলের পক্ষ থেকে কালীঘাট শিবির ঘনিষ্ঠ সাংসদ ডেরেক ও’ব্রায়েন উচ্চ আদালতে মামলা দায়ের করেন।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতে মমতাপন্থী তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই পুলিশের কাছে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছে। তবে এখনও পর্যন্ত সেই আবেদনের কোনও জবাব মেলেনি। সেই কারণেই অনুমতির দাবিতে তারা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে।

উল্লেখ্য, পুলিশের কাছে অনুমতির আবেদন জানানোর পর মমতাপন্থী তৃণমূলের নেতা কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে গিয়ে সম্ভাব্য মঞ্চের জায়গা ফিতে দিয়ে মাপেন। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। পরে বিধানসভায় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘এ ভাবে যেখানে সেখানে রাস্তা মাপতে চলে যাওয়া যায় না। রাস্তা আটকে তো আরওই নয়। অনুমতি চেয়েছেন, কোথায় করবেন বলে দেব।’ যদিও কুণালদের যুক্তি ছিল, তাঁরা রবিবার দুপুরে একেবারে ফাঁকা নির্জন ধর্মতলা চত্বরে গিয়েছিলেন। সেই সময়ে রাস্তা আটকানোর মতো কিছুই ঘটেনি। আর তাঁদের সে রকম কোনও উদ্দেশ্যও ছিল না।

প্রসঙ্গত, বিধানসভায় শুভেন্দু অধিকারীর বার্তার পরই ধর্মতলা-সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত, অর্থাৎ টানা ৬০ দিনের জন্য জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। এদিকে, সেই নিষেধাজ্ঞা অমান্য করে ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ আয়োজনের বিষয়টি নিয়েও কলকাতা হাইকোর্টে পৃথক একটি মামলা বিচারাধীন। অভিযোগ, ২০১৮ সালে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা উপেক্ষা করে ২০২৫ সালেও ভিক্টোরিয়া হাউসের সামনে সম্পূর্ণ রাস্তা দখল করে ‘শহিদ দিবস’-এর কর্মসূচি পালন করেছিল তৃণমূল। আদালত অবমাননার সেই মামলায় গত ১৯ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ জারি করে হাই কোর্ট। পরে মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে হলফনামাও তলব করা হয়েছে।

অন্য দিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মমতাপন্থী তৃণমূলও ২১ জুলাই কর্মসূচি পালনের কথা ঘোষণা করেছে। তবে প্রশাসনের সঙ্গে কোনও ধরনের সংঘাতে না গিয়ে আইন মেনেই কর্মসূচি আয়োজনের পথে তারা হাঁটতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে।


Share