Suvendu Adhikari

মুখ‍্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার ভবানী ভবনে গেলেন মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে জরুরি বৈঠক, আইনশৃঙ্খলা নিয়ে পৃথক নির্দেশ

সোমবার ধনধান‍্য অডিটরিয়ামে অনুষ্ঠান সেরে পাশেই রাজ‍্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে পৌঁছে যান। ৬টায় নির্ধারিত সময় থাকলেও কিছুটা আগেই তিনি পৌঁছে যান।

ভবানী ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৬:৪৭

রাজ্যের বিরোধী দলনেতা থাকাকালীন শেষবার ভবানী ভবনে গিয়েছিলেন। সেদিন তৎকালীন ডিজি রাজীব কুমারকে হুঁশিয়ারি দিয়েছিলেন। সোমবার রাজ‍্যের মুখ্যমন্ত্রী ভবানী ভবনে যান। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই এই প্রথম ভবানী ভবনে গেলেন। পুলিশ সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে পৃথক ভাবে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পরে রাজ‍্য পুলিশের রদবদল নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।

সোমবার ধনধান‍্য অডিটরিয়ামে অনুষ্ঠান সেরে পাশেই রাজ‍্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে পৌঁছে যান। ৬টায় নির্ধারিত সময় থাকলেও কিছুটা আগেই তিনি পৌঁছে যান। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। তার পরেই তিনি ভবানী ভবনের ভিতরে চলে যান। 

পুলিশ সূত্রের খবর, রাজ‍্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত, এডিজি (আইনশৃঙ্খলা) অজয়মুকুন্দ রানাডে-সহ একাধিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, রাজ‍্যের আইনশৃঙ্খলা নিয়ে ডিজির কাছে বিস্তারিত কিছু তথ‍্য জানতে চান মুখ‍্যমন্ত্রী। বোমা, অস্ত্র যাতে দ্রুত উদ্ধার করা হয় তা নিয়েও রাজ‍্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন।

ভোট পরবর্তী হিংসার ঘটনায় কোথায় কত মামলা হয়েছে তা নিয়েও জানতে চান মুখ্যমন্ত্রী। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ফাইল আবার খুলেছে। সেক্ষেত্রেও তার কী অগ্রগতি রয়েছে তা-ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জানতে চান।

বেরিয়ে যাওয়ার সময় রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে হাত নেড়ে কিছু বোঝাতেও দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তার পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি আর হননি। গাড়ি চেপে বেরিয়ে যান।

অন‍্য দিকে, রাজ‍্য পুলিশের শীর্ষস্তরে রদবদল হতে চলেছে বলে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছে। সেটা কি খুব তাড়াতাড়ি হতে চলেছে, এ দিনের সফর পরে তা নিয়ে জল্পনা আরও জোরালো হল।


Share