Mamata Banerjee

ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নবগ্রামে নামতে পারল না মুখ্যমন্ত্রীর বিমান, সড়কপথে রওনা মমতার

তবে সভা বাতিল না করে মুখ্যমন্ত্রী দ্রুত সড়কপথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। বড়ঞায় নেমেই তিনি গাড়িতে সভাস্থলের দিকে রওনা দেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, নবগ্রাম
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৪:৪৭

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার মুর্শিদাবাদের নবগ্রামে নির্ধারিত সভাস্থলে নামতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার। এ দিন বীরভূমের নানুর এবং মুর্শিদাবাদের বড়ঞায় সভা সেরে তিনি নবগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু নবগ্রামের আকাশে পৌঁছতেই শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। সেই কারণে কপ্টার নামানো সম্ভব না হওয়ায় সেটি ফের বড়ঞার হেলিপ্যাডে ফিরে যায়।

তবে সভা বাতিল না করে মুখ্যমন্ত্রী দ্রুত সড়কপথে নবগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নেন। বড়ঞায় নেমেই তিনি গাড়িতে সভাস্থলের দিকে রওনা দেন।

উল্লেখ্য, গত সপ্তাহেও খারাপ আবহাওয়ার কারণে কলকাতায় নামতে সমস্যায় পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। ২৬ মার্চ বীরভূমের দুবরাজপুর ও পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে জনসভা সেরে ফেরার সময় তাঁর বিজনেস জেট কলকাতার আকাশে দীর্ঘক্ষণ চক্কর কাটে। অন্ডাল থেকে বিকেল তিনটে ৩৯ মিনিটে উড়ান নেওয়ার পর চারটে দু'মিনিটে বিমানটি কলকাতার আকাশে পৌঁছয়। কিন্তু তখন প্রবল ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিকেল চারটে ২২ মিনিট থেকে পাঁচটা দু'মিনিট পর্যন্ত বিমানবন্দরে ওঠানামা বন্ধ থাকে।

সেই দিন নিরাপদে বিমান অবতরণের পর পাইলটের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পাইলট অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলেছেন।

এ দিনও আবহাওয়া বাধা হয়ে দাঁড়ালেও, একই জেলার মধ্যে দূরত্ব কম থাকায় বড়ঞা থেকে গাড়িতে করেই নবগ্রামের সভাস্থলে পৌঁছনোর ব্যবস্থা করা হয়। 


Share