Suvendu Adhikari

দিলীপ ঘোষ পঞ্চায়েত মন্ত্রী, খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, দফতর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি, অপশাসনকে হাতিয়ার করেই ভোটে প্রচার করেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।

(বাঁ দিক থেকে) দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৮:৫২

নতুন সরকারের প্রথম প্রশাসনিক বৈঠকের পরেই পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করে দিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধায়কদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার পাঁচ সদস্যের হাতে বিভিন্ন দফতরের দায়িত্ব তুলে দেন।

খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষকে পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পেয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা মাথাভাঙার বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক সামলাবেন ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। খাদ‍্য ও সরবরাহ দফতর গিয়েছে বনগাঁ উত্তরের বিজেপি অশোক কীর্তনিয়ার হাতে। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন ক্ষুদিরাম টুডু।

নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী বিধায়কদের সামনে প্রশাসনিক অগ্রাধিকারের বিষয়েও স্পষ্ট বার্তা দেন। তাঁর বক্তব্য, গত ১৫ বছরে রাজ্যে যে দুর্নীতি হয়েছে, তা দ্রুত বন্ধ করতে হবে। কয়লা, গরু এবং বালি পাচার থেকে শুরু করে আদিবাসী উন্নয়ন সংক্রান্ত দুর্নীতি— সব ক্ষেত্রেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের আর্থিক পরিস্থিতির প্রসঙ্গও বৈঠকে উঠে আসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে এনে দ্রুত উন্নয়নের কাজ শুরু করাই এখন সরকারের মূল লক্ষ্য। সূত্রের খবর, এক মাসের মধ্যেই একাধিক ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের দুর্নীতি, অপশাসনকে হাতিয়ার করেই ভোটে প্রচার করেছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। রাজনৈতিক মহলের মনে করছে, দফতর বণ্টনের পাশাপাশি প্রথম বৈঠক থেকেই সরকার দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে আনতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মন্ত্রীদেরও দ্রুত মাঠে নেমে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও নবান্নের একটি সূত্র দাবি করেছে। 

দফতর বন্টন হওয়ার পরেই পাঁচজনই নিজ নিজ দফতরে যান। সল্টলেকের মৃত্তিকা ভবনে নবনিযুক্ত মন্ত্রী দিলীপ ঘোষ। আজ সেই দফতরগুলি পরিদর্শনের পাশাপাশি আধিকারিকদের সঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠকটি সেরে নেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালও প্রথমে নগরোন্নয়ন দফতরে যান। তার পরে শিশু ও নারী কল্যাণ দফতরের যাবেন বলে জানা গিয়েছে।


Share