Mahua Moitra

‘অনেক হয়েছে’, কৃষ্ণনগরের সাংসদ মহুয়ার বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, সঙ্গে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তের

মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল বলেন, “এই দাবি একেবারেই ভিত্তিহীন। এনাফ ইজ এনাফ। আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা করব। মুখ‍্য নির্বাচনী আধিকারিক কখনই কোনও নাম যুক্ত করতে বা বাদ দিতে পারে না।”

(বাঁ দিক থেকে) মনোজ আগরওয়াল, মহুয়া মৈত্র এবং সুব্রত গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১০:৫৫

রাজ্যের মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্তকে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এ বার তাঁর বিরুদ্ধে আইনি পথে হাঁটতে চলেছেন রাজ্যের মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল। তিনি বলেন, এনাফ ইজ এনাফ। মানহানির মামলা করব। আইনজীবীর সঙ্গে কথা বলেছি।” মুখ‍্যসচিব যদি আইনে পথে হাঁটেন তা হলে মনোজের ‘সঙ্গ’ দেবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা সুব্রত গুপ্ত।

চলতি বছর বিধানসভা নির্বাচন হয়েছে। বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছে। নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) হয়েছে। সেই সময় রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক ছিলেন মনোজ আগরওয়াল এবং কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব সামলেছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। ভোটের ঠিক আগেই কেন এসআইআরের কাজ শুরু হয়েছিল, তা নিয়ে দিল্লিতে বিক্ষোভ করছে ইন্ডি জোট।

সেই আবহেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সমাজমাধ‍্যমে কিছু মন্তব্য করেছেন। সেই পোস্টে তিনি মুখ‍্যসচিব মনোজ আগরওয়ালকে ‘আঙ্কেল’ এবং সুব্রত গুপ্তকে ‘কাকু’ বলে সম্বোধন করেন। দু’জনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “এরাই বাংলার এসআইআরের সবথেকে বড় কারিগর। সব ধরনের অবৈধ কাজ এরা করেছেন। কেউ বাঁচতে পারবে না।”

এই সমস্ত মন্তব্যের প্রেক্ষিতে বেজায় চটেছেন মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল। তিনি মনে করছেন, অনেক হয়েছে। আর এ সব তিনি সহ্য করবেন না। বলেন, “এই দাবি একেবারেই ভিত্তিহীন। এনাফ ইজ এনাফ। আইনজীবীদের সঙ্গে কথা বলে মানহানির মামলা করব। মুখ‍্য নির্বাচনী আধিকারিক কখনই কোনও নাম যুক্ত করতে বা বাদ দিতে পারে না।”

যদিও বিষয়টিকে প্রথমে হালকা ভাবেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা সুব্রত গুপ্ত। তিনি বরং সাংসদের নামে তার কোনও ‘ভাইঝি’ নেই বলেই রসিকতা সুরে কটাক্ষ করেছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্ত। কিন্তু মনোজ যদি আইনি পথে হাঁটেন তা হলে তাঁর সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন সুব্রত গুপ্ত।

বুধবার নবান্নে সুব্রতবাবু নিজেই জানান "বিষয়টি আমি হালকা ভাবে নিয়েছিলাম। তাই রসিকতা করে কিছু মন্তব্য করেছি। কারণ এই ধরনের মন্তব্যের জেরে যদি কোনও পদক্ষেপ করতে যাই তা হলে অহেতুক তাঁকে (মহুয়া মৈত্র) গুরুত্ব দেওয়া হয়। তবে মুখ্যসচিব বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন। আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে শুনেছি। যদি মুখ্য সচিব এ ধরনের পদক্ষেপ করেন তা হলে তাতে আমার সম্পূর্ণ সমর্থন রয়েছে। আমি তাঁর সঙ্গেই থাকব।"

মহুয়া মৈত্রের ‘বিতর্কিত’ মন্তব্যের ইস‍্যুতে মুখ্যসচিব আইনি পদক্ষেপের করার চিন্তাভাবনা করতেই নিজের ভাবনায় বদল আনলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টাও। বুধবার সুব্রত গুপ্ত আরও বলেন, "মনোজ যদি কোনও পদক্ষেপের পথে হাঁটেন তা হলে আমিও ওঁর সঙ্গে থাকার জন‍্য প্রস্তুত।”ইতিমধ্যেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও।


Share