Mamata Banerjee

নারী দিবসে ধর্নামঞ্চ থেকে প্রতিবাদের ডাক মুখ্যমন্ত্রীর, তুলে ধরলেন লক্ষীর ভান্ডার ও কন্যাশ্রী প্রকল্প-সহ বাংলার প্রকল্প

তিনি লেখেন, ‘বছরের একটি বিশেষ দিন নয়, আমার কাছে প্রতিটা দিনই নারী দিবস।’ পাশাপাশি বাংলায় মহিলাদের জন্য চালু লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সমেত একাধিক প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০৭:০৭

ধর্মতলার মেট্রো চ্যানেলে চলা ধর্না তৃতীয় দিনে পড়ল। আর এ দিনই আন্তর্জাতিক নারী দিবস। রবিবার সকালেই এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘বছরের একটি বিশেষ দিন নয়, আমার কাছে প্রতিটা দিনই নারী দিবস।’ পাশাপাশি বাংলায় মহিলাদের জন্য চালু লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী-সমেত একাধিক প্রকল্পের কথাও তিনি তুলে ধরেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

পোস্টের শুরুতেই গোটা বিশ্বকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি।’ তিনি লিখেছেন, ‘এই মাটি প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি, এই মাটি মাতঙ্গিনী হাজরার মাটি, এই মাটি কল্পনা দত্ত, বীণা দাস, সুনীতি চৌধুরীর মাটি, এই মাটি মাদার টেরিজার মাটি।’ বাংলার প্রতিটা মেয়েই তাঁর গর্ব বলে জানিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘সমাজের প্রতিটা স্তরে তাঁদের অবদান অপরিসীম।’

এরপর রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন তিনি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির আবহে গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে। বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। এর প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবসেই পথে নামার ডাক দিয়েছেন মমতা। তৃণমূলের পক্ষ থেকেও কর্মসূচি নেওয়া হয়েছে। মহিলাদের কালো শাড়ি পরে হাঁড়ি-খুন্তি হাতে মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এক্স-এ মমতা লেখেন, ‘গ্যাসের দাম যে ভাবে বাড়ানো হলো, তার প্রভাব পড়বে মানুষের হেঁসেলে। আজ তাই বাংলার মেয়েরা প্রতিবাদে পথে নামবে।’ এর পরেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি লিখেছেন, ‘আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে। আর কেন্দ্রীয় সরকারের কাজ মানুষকে হয়রানি করা।’

মহিলাদের জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথাও মুখ্যমন্ত্রী পোস্টে উল্লেখ করেন। তিনি জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তার সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে দু'কোটি ৪১ লক্ষ। ভাতার পরিমাণও আবার ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। তফসিলি ও আদিবাসী মহিলারা পান ১৭০০ টাকা করে আর অন্যরা প্রতি মাসে ১৫০০ টাকা।’ বর্তমানে প্রায় এক কোটি ছাত্রী কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলেও দাবি করেন তিনি। রূপশ্রী প্রকল্পের মাধ্যমে ২৩ লক্ষ তরুণীকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও জানান মমতা।

নারী সুরক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। তিনি আরোএ বলেন, ‘নারী সুরক্ষায় বাংলা দেশের সেরা। এই নিরাপত্তা আরও সুদৃঢ় করতেই কলকাতা পুলিশের উদ্যোগে ‘পিঙ্ক বুথ’ ও অল-উইমেন ‘SHINING’ মোবাইল পরিষেবা শুরু হয়েছে।’ পাশাপাশি ‘অপরাজিতা বিল’ পাশ হওয়া, ৪৯টি মহিলা থানা এবং বিচার ব্যবস্থাকে দ্রুততর করতে মহিলাদের জন্য ৫২টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরির কথাও উল্লেখ করেন তিনি। পঞ্চায়েতে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ, আনন্দধারা এবং কর্মাঞ্জলি প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

পোস্টের শেষে কবিতার ছন্দে মমতা লেখেন, ‘আমার লক্ষ্মী চন্দ্র–সূর্য, আকাশে জ্বলে তারা, আমার লক্ষ্মী ধন্য ধান্যে, নবান্নে দিয়ে ভরা।’


Share