Political Chaos

ভবানীপুরে মমতার বিরুদ্ধে ‘ওয়ার রুম’ বিজেপির, লড়াই জমাতে ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সেই কারণেই তাঁকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে দলীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বিশেষ দায়িত্ব দিয়েছে। দক্ষিণ কলকাতা বিজেপির একটি সূত্রের দাবি, ৭০ নম্বর ওয়ার্ড থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী রণকৌশল বাস্তবায়ন করা হবে।

শুভেন্দু অধিকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৮:৩২

আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে তাঁর নিজস্ব কেন্দ্র ভবানীপুরে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা এলাকায় একটি বিশেষ ‘ওয়ার রুম’ গঠন করেছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্র থেকেই পুরো বিধানসভা এলাকার নির্বাচনী কৌশল ও ভোট পরিচালনার কাজ পরিচালিত হবে। কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের ৮/১বি চক্রবেড়িয়া রোড (দক্ষিণ)-এর একটি বাড়ির নীচতলায় ওই অফিস তৈরি করা হয়েছে।

বিজেপি নেতৃত্বের অনুমান, আসন্ন নির্বাচনে মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই কারণেই তাঁকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে দলীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে বিশেষ দায়িত্ব দিয়েছে। দক্ষিণ কলকাতা বিজেপির একটি সূত্রের দাবি, ৭০ নম্বর ওয়ার্ড থেকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী রণকৌশল বাস্তবায়ন করা হবে। ভবানীপুর বিধানসভার মধ্যে বিজেপির তুলনামূলক বেশি ভোট এই ওয়ার্ডে থাকায় এখানেই ওয়ার রুম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি এই ৭০ নম্বর ওয়ার্ডেই জনসংযোগ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিয়েছিলেন।

ভবানীপুরের এক বিজেপি নেতার দাবি, ‘‘ভবানীপুর বিধানসভার সব নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাবে, তৃণমূল বারবার জয়ী হয়েছে কেবলমাত্র একটি ওয়ার্ডে পাওয়া ভোটের ব্যবধানের ভিত্তিতে। যেহেতু ভবানীপুর বিধানসভা এলাকার ৭৭ নম্বর ওয়ার্ডটি সংখ্যালঘু অধ্যুষিত, তাই ওই ওয়ার্ডের উপর ভিত্তি করেই তৃণমূল জয়ী হয়। কিন্তু এসআইআরে ওই ৭৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের প্রচুর ভুয়ো ভোটার কাটা গিয়েছে। সঙ্গে আমরা যে পাঁচ-ছয়টি ওয়ার্ড থেকে ভাল ব্যবধানে এগিয়ে যাই, সেখানে আমাদের ভোট ধীরে ধীরে সঙ্ঘবদ্ধ হচ্ছে। এই সব বিষয়ে অঙ্ক কষেই বিরোধী দলনেতা নিজের ওয়ার রুম সাজাচ্ছেন। ভোটের সময় এলেই বুঝতে পারবেন, আমরা মুখ্যমন্ত্রীকে কেমন কঠিন লড়াইয়ের মুখে ফেলেছি।’’

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ৭১ নম্বর ওয়ার্ড সভাপতি বাবলু সিংহ বিজেপির উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর কথায়, ‘‘ওদের রুমই থাকবে, ওয়ার বলে কিছু থাকবে না। যে কোনও ভোটযুদ্ধে লড়াই করতে গেলে লোকবল একটা বড় বিষয়। আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, ওরা সব বুথে এজেন্টই দিতে পারবে না। তবে এটা ঠিক, টাকা-পয়সা দিয়ে ওরা এলাকা গরম করতে পারে। এর বেশি কিছু পারবে না।’’ সঙ্গে সংযোজন, ‘‘আর মুখ্যমন্ত্রীর পরিষেবা আমরা যে ভাবে ভবানীপুরের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি, তাতে ওদের জবাব ভবানীপুরের মানুষই দিয়ে দেবে।’’


Share