Attempt to Murder

শুভেন্দুর আপ্তসহায়ক খুনের রাতেই বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, গ্রেফতার এক, তদন্তে পুলিশ

অভিযোগ, আচমকাই দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলি লাগে রোহিতের পেটে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট
  • শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ০৬:২৫

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুনের রাতেই বসিরহাটে গুলিবিদ্ধ আরোও এক বিজেপি কর্মী। বুধবার তাতে বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরেই তদন্তে নামে পুলিশ।  

জানা গিয়েছে, আহত বিজেপি কর্মীর নাম রোহিত রায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রোহিত দলের সক্রিয় কর্মী। ঘটনার পরেই পুলিশ তল্লাশি চালিয়ে জাহিরুক গাজি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে ধৃতকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। পরে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে বিজেপির কর্মী-সমর্থকেরা বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় কয়েকজন তাঁদের বাধা দেয় বলে অভিযোগ। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা সৃষ্টি হয়। অভিযোগ, আচমকাই দুষ্কৃতীরা গুলি চালায়। সেই গুলি লাগে রোহিতের পেটে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় বসিরহাট দক্ষিণ বিধানসভার গোটরা পঞ্চায়েতের রাজীবপল্লির গোডাউনপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির অভিযোগ, হামলার ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা জড়িত। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, ভোলা, বুদ্ধ, জাহিরুল, বড়, সন্টু ও উজ্জ্বল নামে কয়েকজন দুষ্কৃতী এই ঘটনায় যুক্ত। আহত রোহিতকে দেখতে বুধবার রাতেই বসিরহাট জেলা হাসপাতালে যান বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। তিনি বলেন, ‘আমরা অনেক আগেই ওই এলাকার দুষ্কৃতীদের তালিকা পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। পুলিশ ব্যবস্থা নেয়নি। এলাকার তৃণমূলের দুষ্কৃতীদের সংযত হতে হবে। না হলে বিজেপি কর্মীরা কিন্তু আর মার খাবে না।’

যদিও বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানিয়েছেন, “একজনকে গ্রেফতার করে ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চলছে। এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।”


Share