Ganga Erosion

মানিকচকে গঙ্গা ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখল বিজেপি নেতৃত্ব, রিপোর্ট যাবে বিধায়কের কাছে

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপি নেতারা।

গঙ্গা ভাঙন পরিদর্শন করলেন বিজেপি নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:০৪

রাজ্যে বিজেপির সরকার গঠনের পর এ বার মালদার মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে বিজেপি নেতা সুভাষ যাদব, রতন মণ্ডল-সহ দলের অন্যান্য নেতৃত্ব মানিকচক, গোপালপুর এবং ধরমপুর এলাকার ভাঙন কবলিত অঞ্চল ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপি নেতারা। পাশাপাশি কোথায় কোথায় জরুরি ভিত্তিতে ভাঙন রোধের কাজ করা প্রয়োজন, তাও খতিয়ে দেখা হয়।

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা সুভাষ যাদব জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডলের নির্দেশেই তাঁরা এদিন ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। তিনি জানান, পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট বিধায়কের কাছে জমা দেওয়া হবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী মন্ত্রীসভার বৈঠকে মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

তিনি আরও জানান, শুষ্ক মরশুমে কোন কোন এলাকায় দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করা প্রয়োজন, সেই বিষয়েও রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দীর্ঘদিন ধরে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকচকের বাসিন্দারা এদিন স্থায়ী সমাধানের দাবিও জানান বিজেপি নেতৃত্বের কাছে।


Share