Abhishek Banarjee

কণ্ঠস্বর নিজের বলেই স্বীকার, তবু ভয়েস স্যাম্পল চায় সিআইডি! বিধাননগর আদালতের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে অভিষেক

আদালতে অভিষেকের বক্তব্য, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে, ওই কণ্ঠস্বর আমার। তার পরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?”

ডিজে মামলায় সিআইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৯:২১

ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় এ বার সিআইডির পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলার তদন্তে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশের বিরোধিতা করে বৃহস্পতিবার আদালতে আবেদন জানান তিনি।

অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বিচারপতি কৌশিক চন্দের দৃষ্টি আকর্ষণ করে জানান, তাঁর মক্কেল কখনও ওই অডিয়োর কণ্ঠস্বর নিজের নয় বলে দাবি করেননি। আদালতে অভিষেকের বক্তব্য, “ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে, ওই কণ্ঠস্বর আমার। তার পরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে?” আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং আগামী সোমবার শুনানির দিন নির্ধারণ করেছে।

বিধানসভা নির্বাচনের আগে ভোটপ্রচারের সময় ডিজে বাজানো নিয়ে অভিষেকের একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। সেই ঘটনায় সাইবার অপরাধের ধারায় সল্টলেকে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরে তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায় সিআইডি।

বিধাননগর আদালত নির্দেশ দেয়, আগামী ৩০ জুন ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে হবে। সেই নির্দেশ কার্যকর করতে বুধবার রাতে কালীঘাটের বাড়িতে নোটিস পৌঁছে দেয় সিআইডি। নোটিশে উল্লেখ করা হয়, আগামী মঙ্গলবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে মঙ্গলবার বিধাননগর আদালতের দ্বারস্থ হয়েছিল সিআইডি। আদালত সেই আবেদন মঞ্জুর করার পরই বিষয়টি নিয়ে হাই কোর্টে আইনি লড়াই শুরু হল।


Share