Fuel Prices Decrease

আগামী ১ জুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী, পেট্রল-ডিজেল-জেট ফুয়েলের রফতানি শুল্কে বড় ছাড় কেন্দ্রের

আগামী ১ জুন থেকে কার্যকর হতে চলা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রল, ডিজেল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর ওপর রফতানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ০৩:০৭

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার প্রেক্ষিতে পেট্রোলিয়াম পণ্যের রফতানি শুল্কে সংশোধন আনল কেন্দ্রীয় সরকার। আগামী ১ জুন থেকে কার্যকর হতে চলা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পেট্রল, ডিজেল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর ওপর রফতানি শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। তবে এর ফলে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির খুচরো দামে কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে কেন্দ্র।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, পেট্রলের ওপর রফতানি শুল্ক প্রতি লিটারে তিন টাকা থেকে কমিয়ে ১.৫ টাকা করা হয়েছে। ডিজেলের ক্ষেত্রে শুল্ক ১৬.৫ টাকা থেকে কমিয়ে ১৩.৫ টাকা এবং জেট ফুয়েলের ক্ষেত্রে ১৬ টাকা থেকে কমিয়ে ৯.৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৬ মে-র পর্যালোচনার তুলনায় তিন ক্ষেত্রেই শুল্কের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতার জেরে দেশের জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখতে পেট্রোলিয়াম পণ্যের রফতানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক এবং রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেস আরোপ করেছিল কেন্দ্র। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের গতিপ্রকৃতি পর্যালোচনা করে প্রতি পাক্ষিকে এই শুল্ক কাঠামো পুনর্বিবেচনা করা হয়।

কেন্দ্রীয় সরকারের দাবি, রফতানি শুল্কে এই সংশোধনের প্রভাব শুধুমাত্র রফতানি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে। ফলে দেশের সাধারণ ভোক্তাদের জন্য পেট্রল ও ডিজেলের খুচরো দামে কোনও তাৎক্ষণিক স্বস্তি মিলছে না। আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে শুল্ক কাঠামো ফের পর্যালোচনা করা হবে বলে সূত্রের খবর।


Share