Athletes Barres Train

খেলার সরঞ্জাম নিয়েই বিপত্তি! পানভেল স্টেশনে ট্রেনে উঠতে বাধা ভারতীয় পোলভোল্ট তারকাদের

মুম্বইয়ের পানভেল স্টেশনে চাঞ্চল্য। খেলার পোল সঙ্গে থাকায় ভারতীয় পোলভোল্টার দেব মিনা ও কুলদীপ যাদবকে ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ টিকিট পরীক্ষকের বিরুদ্ধে।

দুই খেলোয়াড়
নিজস্ব সংবাদদাতা, মুম্বাই
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৬:৪৬

ভারতীয় পোলভোল্ট খেলোয়াড়দের ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের পানভেল স্টেশনে।

সূত্রের খবর, অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ শেষে নিজেদের বেস ক্যাম্পে ফিরছিলেন পোলভোল্ট খেলোয়াড় দেব মিনা ও কুলদীপ যাদব। অভিযোগ, পানভেল স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় তাঁদের ব্যবহৃত পোল সঙ্গে থাকায় টিকিট পরীক্ষক তাঁদের ট্রেনে উঠতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে টিকিট পরীক্ষকের সঙ্গে দু’জনের বচসাও বাঁধে।

দেব ও কুলদীপের দাবি, পোলভোল্টের জন্য ব্যবহৃত এই পোল তাঁদের খেলার অপরিহার্য সরঞ্জাম। তা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ তাঁদের বক্তব্য মানতে রাজি হননি। অভিযোগ অনুযায়ী, প্রায় পাঁচ ঘণ্টা তাঁরা স্টেশনেই আটকে ছিলেন এবং একাধিক রেল আধিকারিকের সঙ্গে কথা বললেও কোনও সমাধান মেলেনি।

ঘটনার প্রতিবাদে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন দুই খেলোয়াড়। স্পোর্টস প্ল্যাটফর্ম এনএনআইএস সেই ভিডিয়োটি শেয়ার করেছে। ভিডিয়োতে দেব মিনা দেশের ক্রীড়াবিদদের নিরাপত্তা ও তাঁদের প্রতি রেল কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, দেব মিনা ভারতের অন্যতম সফল পোলভোল্ট খেলোয়াড়। ২০২৫ সালের এপ্রিল মাসে ন্যাশনাল ফেডারেশন সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৫.৩৫ মিটার লাফ দিয়ে নিজেরই রেকর্ড ভেঙেছিলেন তিনি। 


Share