Khalistani Terrorist Arrested

দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার সুরিন্দর সিংহ, আমেরিকা থেকে প্রত‍্যর্পণ করানো হল রেললাইনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত খালিস্তানি জঙ্গিকে

চলতি বছরের ২৭ এপ্রিল পঞ্জাবের শম্ভু ও রাজপুরা রেলস্টেশনের মধ্যবর্তী ১১৭৪-৫ কিলোমিটার নম্বরের রেললাইনে ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL)-এর রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় তদন্তভার গ্রহণ করে এনআইএ। সেই বিস্ফোরণের ঘটনাতেই খানিস্তানি জঙ্গি সুরিন্দর সিংহ ওরফে ঠিকরিওয়ালের নাম জড়ায়।

খালিস্তানি জঙ্গি সুরিন্দর সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৬ ১২:৫৩

বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গাঁধী বিমানবন্দর থেকে খালিস্তানি জঙ্গি সুরিন্দর সিংহ ওরফে ঠিকরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরে পঞ্জাবে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত এই সুরিন্দর সিংহ। সুরিন্দর সিংহ খালিস্তান জিন্দাবাদ ফোর্সের (KZF) সদস্য। তাকে আমেরিকা থেকে প্রত‍্যর্পণ করা হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) গ্রেফতার করা হয়েছে। 

চলতি বছরের ২৭ এপ্রিল পঞ্জাবের শম্ভু ও রাজপুরা রেলস্টেশনের মধ্যবর্তী ১১৭৪-৫ কিলোমিটার নম্বরের রেললাইনে ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (DFCCIL)-এর রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় তদন্তভার গ্রহণ করে এনআইএ। সেই বিস্ফোরণের ঘটনাতেই খানিস্তানি জঙ্গি সুরিন্দর সিংহ ওরফে ঠিকরিওয়ালের নাম জড়ায়।

এনআইএ তদন্তে জানা যায়, রাজপুরা-শম্ভু রেললাইন বিস্ফোরণের ঘটনার পর সুরিন্দর সিংহ ওরফে ঠিকরিওয়াল নিজের সমাজমাধ‍্যম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে। বিস্ফোরণের ওই ঘটনার প্রশংসা, এমনকী সমর্থন জানিয়েছিল এই সুরিন্দর সিংহ। ওই ভিডিওয়োতে সুরিন্দর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত অভিযুক্তদের, যার মধ্যে বিস্ফোরণ ঘটাতে গিয়ে মৃত জগরূপ সিংহকে সমর্থন জানায়। সন্ত্রাসবাদী সংগঠন ‘খালিস্তান জিন্দাবাদ ফোর্স’-কে সুরিন্দর ‘কৌমি সংগঠন’ বলে উল্লেখ কর। খালিস্তানি জঙ্গি রণজিৎ সিংহ ওরফে নীতাকে ‘কৌমের জেনারেল’ বলেও আখ্যা দেয় সুরিন্দর সিংহ। 

সন্ত্রাসমূলক কার্যকলাপ এগিয়ে নিয়ে যাওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে ‘খালিস্তান জিন্দাবাদ ফোর্স’ ওই বিস্ফোরণ ঘটিয়েছিল বলে এনআইএয়ের তদন্তে উঠে এসেছে। ঘটনারর তদন্তে নেমে এর আগে সাত জনকে গ্রেফতার করে এনআইএ। কিন্ত সুরিন্দর সিংহকে খুঁজে পাওয়া যায়নি। পরে আমেরিকায় এই জঙ্গির হদিশ মেলে। তদন্ত চলাকালীন অভিযুক্তের সুরিন্দর সিংহের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছিল এনআইএ। পঞ্জাবের বিভিন্ন জেলায় সুরিন্দরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গিয়েছে। 

এনআইএ জানিয়েছে, আমেরিকার প্রশাসনের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হয়ে। এনআইএ জানিয়েছে, আমেরিকার সঙ্গে সমন্বয় রেখে এই খালিস্তানি জঙ্গিকে প্রত‍্যর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার সুরিন্দর সিংহকে দিল্লি বিমানবন্দরে আনা হয়েছে। সেখান থেকেই অভিযুক্ত খালিস্তানি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারের ফলে রাজপুরা-শম্ভু বিস্ফোরণ মামলায় এখনও পর্যন্ত মোট আটজন অভিযুক্ত গ্রেফতার হল।

এনআইএ আরও জানিয়েছে, বিদেশে থাকা জঙ্গি ও তাদের সহযোগীদের মধ্যে গড়ে ওঠা বৃহত্তর নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং তাদের অর্থায়ন ও পরিকাঠামো ধ্বংস করার লক্ষ্যে তদন্ত তাঁরা চালিয়ে যাবে। 


Share